
শেষ আপডেট: 7 May 2023 12:45
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মতোই মদ বিক্রিতে তোলাবাজি চক্রের সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি, বেআইনি অর্থ লেনদেনের একটি মামলায় তারা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যিনি ওই চক্রের মাথা। রবিবার ছত্তীসগড়ের রায়পুরের আদালতে ইডি আরও দাবি করেছে, মদ বিক্রিতে কমিশন আদায় করে প্রায় দু'হাজার কোটি টাকা হস্তগত করেছে ওই ব্যক্তি (Liquor scam in Chhattisgarh)।
বিজেপির দাবি ধৃত ব্যক্তি রাজ্যের কংগ্রেস সরকারের রাঘববোয়াল নেতাদের ঘরের লোক। তার হাত দিয়ে মদের টাকা কংগ্রেস নেতাদের ঘরে পৌঁছেছে। ভোটের প্রচারে খরচ করেছে তোলাবাজির টাকা।
প্রসঙ্গত, দিল্লিতে আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে এভাবেই সামনে এসেছিল মদ দুর্নীতির অভিযোগ। সেই ঘটনায় দিল্লির আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়া এখন জেলে। সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিওয়ালকে।
ছত্তীসগড় নিয়ে ইডি এখনও কোনও দলের নাম না করলেও ধৃত প্রভাবশালী এবং প্রশাসনের লোকজনের সঙ্গে নিত্য ওঠাবসা বলে আদালতে জানিয়েছে।
ধৃত আনোয়ার ধেবর ছত্তীসগড়ের কংগ্রেস নেতা এজাজ ধেবরের ভাই। রায়পুরের একটি হোটেল থেকে ইডি তাকে হাতেনাতে ধরে। তদন্তকারীদের ফাঁকি দিতে হোটেলের পিছনের গেট দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন বলে দাবী ইডির। বেআইনি পথে অর্থ লেনদেনের মামলায় ইডি ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল।
প্রসঙ্গত, ছত্তীসগড়ের মদ বিক্রির গোটা ব্যবস্থাই সরকার নিয়ন্ত্রিত। খুচরো বিক্রির ,আটশো দোকানও সরকারি পণ্য সরবরাহকারী নিগমের অধীনে পরিচালিত হয়।
ইডি বলছে, মদের প্রতি বোতল পিছু নির্দিষ্ট অঙ্কের কমিশন আদায় করা হয়। আনোয়ারের নেতৃত্বে চলে এই সিন্ডিকেট। গত মার্চে এই বিষয়ে তারা প্রথম তদন্ত শুরু করে।