দ্য ওয়াল ব্যুরো: আস্ত একটি মোষ শিকার করেছিল তারা। বেশ আরাম করে খাবে বলে গুছিয়ে গোল করে বসেও ছিল। কিন্তু খাওয়ার আগেই নিজেদের মধ্যে শুরু ঝামেলা। আর সেই ঝামেলার জেরে তারা এমন মারামারি করতে লাগল নিজেদের মধ্যে, যে সেই সুযোগে আহত মোষটি উঠে গিয়ে মিশে গেল নিজের দলের সঙ্গে!
এক ঝাঁক সিংহের এই কাণ্ড দেখে হতবাক নেট দুনিয়া। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার অরণ্যের এই ঘটনাটির ভিডিও টুইট করেছেন আইএফএস প্রবীণ কওসর। এই ভিডিও দেখে শেখারও আছে বলে জানিয়েছেন অনেকে। নিজেদের মধ্যে মারামারি করতে গেলে যে অনেক সময়ে আসল অভীষ্ট হাত থেকে ফস্কে যায়, সেটাই শেখাচ্ছে ৩০ সেকেন্ডের এই ভিডিওটি।
দেখুন ভিডিও।
https://twitter.com/i/status/1168030066325872640
ভিডিও-তে দেখা যাচ্ছে, কয়েকটি সিংহ ঘিরে রয়েছে একটি মৃতপ্রায় মোষকে। সদ্য শিকার করে আনা সেটি, দেখেই বোঝা যাচ্ছে। তিনটি সিংহী এবং দু'টো সিংহ সেটিকে খাবে এবার। কিন্তু আচমকাই একটি সিংহী তেড়ে গিয়ে থাপ্পড় মারে অন্য একটিকে। খেপে গিয়ে পাল্টা তেড়ে আসে সে। তাদের এই কাণ্ড দেখে থামাতে যায় একটি সিংহ। এই করে সবাই মিলে মারামারি করতে শুরু করে নিজেদের মধ্যে। ব্যস... মোষটির কাছে এটাই সুবর্ণ সুযোগ। কোনও রকমে উঠে দাঁড়িয়, দৌড়ে চলে গেল সে।