
শেষ আপডেট: 8 September 2023 07:11
কোথায় ইন্টার মিয়ামি, আর কোথায় আর্জেন্টিনার বুয়েনস আয়ারস (Buenos Aires)। লিওনেল মেসিদের (Lionel Messi) জন্য মনে হয় ভৌগলিক অবস্থান ছোট হয়ে আসে। মিয়ামিতে যে ফুটবলটা খেলেছিলেন, সেটাই যেন খেললেন দেশের জার্সিতে। আর্জেন্টিনার সময়ে বৃহস্পতিবার রাতে ইকুয়েডরের বিরুদ্ধে আমাদের দেশ জিতল ১-০ গোলে। আর ওই মহার্ঘ্য গোলটি উপহার দিলেন আর্জেন্টিনার যুবরাজ লিওনেল মেসি। খেলার ৭৮ মিনিটের মাথায় লিওর স্বপ্নের ফ্রিকিক বিপক্ষের জাল ভেদ করে দিয়েছে। সেইসময় প্রতিপক্ষের গোলরক্ষককে কার্যত অসহায় দেখিয়েছে।
নয় মাস আগে কাতারের লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব জয়ের পরে ফের দেশের জার্সিতে মাঠে নেমে ৩৭-এর লিও সবাইকে অবাক করে দিয়েছেন। এটা যেহেতু ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচ (world cup qualifier match), তাই খেলা শেষে সবাই বলাবলি করছিলেন নায়ক যখন দেশের জার্সিতে ফিরে এসেছেন তখন পরের বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে খেলতে দেখা যাবে। তবে সেটি না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ এদিনই খেলা শেষে লিওর প্রাণের বন্ধু আমাদের দেশের আরও এক রত্ন অ্যাঞ্জেল ডি মারিয়া জানিয়ে দিয়েছেন তিনি ২০২৪ সালের কোপা আমেরিকায় দেশের জার্সি তুলে রাখবেন। সেই মহা সন্ধিক্ষণে যদি লিও একই সিদ্বান্ত নেন বলার কিছু থাকবে না।

এই ম্যাচে আর্জেন্টিনা খুব ভাল খেলেছে বলা যাবে না। বারবার মাঠে থেকে মনে হয়েছে ফিনিশিংয়ের অভাবে পুরো দল ভুগছে। তারপর ইকুয়েডর সারাক্ষণ মেসিকে ডাবল কভারিংয়ে রেখেছিল। যেই সুযোগ পেয়েছে গোলের জন্য ঝাঁপিয়ে পড়েছেন।
যদিও খেলা শেষে লিওকে আবারও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর বিশ্ব জয়ের সাথীরা। এমনকী কোচ লিওনেল স্ক্যালোনিকে দেখলাম লিওর কানে মুখ রেখে কী যেন একটা বলছেন। হয়তো এটাই বলতে চাইছেন ওহে স্বপ্নের নায়ক আরও একটা বিশ্বকাপ খেলে দেশের মানুষদের শান্ত করো। লিওর মাথায় কী চলছে সে মনে হয় একমাত্র জেসাস জানেন!
আরও পড়ুন: কিংস কাপ থেকে ছিটকে গেল ভারত, ইরাকের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবল নাওরেমদের