
শেষ আপডেট: 2 August 2023 10:21
দ্য ওয়াল ব্যুরো: এতদিন যে দেশগুলিতে লিওনেল মেসি (Lionel Messi) খেলেছেন, দরকার পড়েনি ইংরাজি বলার। স্প্যানিশ ভাষাতেই কাজ চালিয়ে দিয়েছেন। ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানে সঞ্চালক ইংরাজিতে প্রশ্ন করলে তিনি দোভাষীর মাধ্যমে স্প্যানিশেই জবাব দিতেন।
এবার অবশ্য আর হবে না, তাই ইন্টার মিয়ামিতে (Inter Miami) এসে ইংরাজি শিখতে বাধ্য হচ্ছেন ফুটবল রাজপুত্র। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভালই ইংরাজি বলেন। তিনি একটা সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন। তাঁকে ইংরাজি বলতে হতোই।
মেসিকে যিনি আমেরিকায় নিয়ে এসেছেন, সেই ডেভিড বেকহ্যামও একটু আধটু স্প্যানিশ ভাষা বলতে পারেন। তাই মেসির সঙ্গে কাজ চালিয়ে দিচ্ছেন। কিন্তু মিয়ামির বাকি সতীর্থদের সঙ্গে কথা বলতে হলেই সমস্যা হচ্ছে মেসির। তাই তিনি সতীর্থ রব টেলরের কাছে ইংরাজি শিখছেন প্রতিদিন নিয়ম করে। টেলর আবার মেসির থেকে শিখছেন স্প্যানিশও।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে টেলর জানিয়েছেন, ‘আমি স্প্যানিশ শিখছি মেসির থেকে, আর আমি লিওকে শেখাচ্ছি ইংরাজি। এখনও অবশ্য ইংরাজিতে তেমন স্বচ্ছ্ন্দ হননি লিও। তবে কয়েকদিনের মধ্যে আর সমস্যা থাকবে না।’
মাঠে নেমে যে কোনও ভাষার প্রয়োজন পড়ে না, সেটিও বলেছেন মিয়ামির নামী তারকা। টেলর বলেন, ‘ফুটবলের তো কোনও ভাষা নেই, সেখানে সবাই বুঝে যায় কী বলতে চাইছে। মেসির মতো মহান ফুটবলার থাকলে কোনও কিছুই সমস্যা নয়। ওঁর থেকে বরং অনেক শেখা যায়। তবে এটা বলে রাখি, আগামী কয়েকদিনের মধ্যে মেসি যদি আমাদের মতো ইংরাজিতে সাক্ষাৎকার দেয়, আমি অন্তত অবাক হবো না।’
ইস্টবেঙ্গলে আবেগের মিলনমেলা, নবীন-প্রবীণের ভিড়ে জমজমাট চাঁদের হাট