
পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি।
শেষ আপডেট: 13 June 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: 'ভাল নেই' রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২৩ জুলাই থেকে জেলবন্দি রয়েছেন প্রাক্তন মন্ত্রী।
আদালতের নির্দেশে এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ। জেল সূত্রের খবর, শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর দুটি পা অসম্ভবভাবে ফুলে গিয়েছে। শারীরিক অন্যান্য সমস্যাও বেড়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় চিকিৎসার জন্য় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন রয়েছে কি না সেজন্য মে়ডিক্যাল বোর্ড গঠন করে পরীক্ষা করার আর্জি জানানো হয়েছে জেল কর্তৃপক্ষর তরফে।
প্রসঙ্গত, নিজের জামিনের সপক্ষে সওয়াল করতে গিয়ে অতীতে একাধিকবার শারীরিক অসুস্থতার প্রসঙ্গ তুলেছিলেন পার্থ। বিচারকের উদ্দেশে পার্থ এও বলেছিলেন, “আমি নিয়োগ কর্তা নই, আমি সুপারিশ কর্তাও নই। আমি কোনও ব্যাপারের সঙ্গে ছিলাম না। আমি নির্দোষ!”
তাঁকে বিনা বিচারে প্রায় দু;ববছর জেলে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন পার্থ। তবে 'প্রভাবশালী' তত্ত্বে বারে বারে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।