দ্য ওয়াল ব্যুরো: আমেদাবাদের একই কারখানায় কাজ করতেন আশা এবং ভাবনা। সেখানেই পরিচয় এবং তার পর প্রেম। কিন্তু আচমকাই আত্মহত্যা করেন এই দুই মহিলা। দু'জনের সম্পর্ক সমাজ মেনে নেয়নি বলেই এই সিদ্ধান্ত বলে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে, সম্ভবত আশা এবং ভাবনার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা প্রকাশ্যে জানাজানি হয়ে গিয়েছিল। আর তারপর থেকেই মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তাঁরা। জানা গিয়েছে, বিবাহিত ছিলেন এই দুই মহিলা। ভাবনার দু'টি ছেলে এবং আশার একটি মেয়ে ছিল বলেও জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার আত্মহত্যা করেন এই দু'জন। সবরমতী নদীতে ঝঁপ দেওয়ার আগে আশার বছর তিনেকের কন্যাসন্তানকেও জলে ছুঁড়ে ফেলেন ওই দুই মহিলার একজন। বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনাস্থল থেকে দু'টি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। একটি নোটে লাল লিপ্সটিক দিয়ে লেখা ছিল, 'এই পৃথিবী আমাদের একসঙ্গে থাকতে দেবে না। আর একসঙ্গে থাকার জন্যই এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমরা।' অন্য সুইসাইড নোটে লেখা ছিল, 'আবার কবে আমাদের দেখা হবে? হয়তো পরের জন্মে'।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই দুই মহিলার পরিবারের লোকজনকেও।