দ্য ওয়াল ব্যুরো: রুস্তম ছবিতে যে ইউনিফর্ম পরে অক্ষয় কুমার অভিনয় করেছিলেন তা উঠেছে নিলামে। তাতে বেজায় চটেছেন সেনাবাহিনীর অনেকে। অভিযোগ, সেনাবাহিনীর সেন্টিমেন্ট নিয়ে খেলা করছেন অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না।
এই জন্য অভিনেতা দম্পতিকে আইনি নোটিসও পাঠিয়েছেন সেনাবাহিনীর ১১ জন অফিসার। তাঁদের সঙ্গে আছেন রিটায়ার্ড সাত অফিসার ও নেভির প্রয়াত এক অফিসারের স্ত্রী।
তাঁরা বলেছেন, এভাবে সেনাবাহিনীর পোশাক যদি নিলামে বিক্রি হয়, তাহলে নানা বিপদ হতে পারে। ওই পোশাক যদি দেশবিরোধী শক্তির হাতে চলে যায় তা হলেই মুশকিল।
তাঁদের আইনি নোটিসের একটি কপি নিলাম সংস্থা সল্ট স্কাউট ও প্রতিরক্ষা মন্ত্রকে পাঠানো হয়েছে। অফিসাররা প্রতিরক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, তাড়াতাড়ি এ সম্পর্কে ব্যবস্থা নিন।