বিরোধীদের বক্তব্য, বেবির মাথা থেকে হাত তুলে নিয়েছে তৃণমূল। এবার কি তাঁকে গ্রেফতার করবে পুলিশ?

প্রহৃত বাম নেতা ও বহিষ্কৃত তৃণমূল নেত্রী বেবি কোলে।
শেষ আপডেট: 7 July 2025 14:31
দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরে (Kharagpur) রাস্তায় ফেলে প্রবীণ বাম নেতা অনিল দাসকে (Anil Das) প্রকাশ্যে কিল-চড়-ঘুষি মারার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের (Baby Kole) বিরুদ্ধে। ঘটনার সাতদিন পর এবার অভিযুক্ত নেত্রীকে বহিষ্কার করল তৃণমূল। সোমবার দুপুরে মেদিনীপুর শহরের প্রদ্যুৎস্মৃতি ভবনে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে গিয়ে এখবর জানান তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।
তিনি জানান, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশেই বেবিকে দল থেকে বহিষ্কার করা হল। জয়প্রকাশ বলেন, "বাম নেতাকে মারধরের ঘটনায় বেবিকে জেলা থেকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব দেখার পরই দল তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।"
দলের তরফে জানানো হয়েছে, অভিযোগ যাই থাক, এভাবে হাতে আইন তুলে নিয়ে প্রকাশ্য রাস্তায় কোনও মানুষকে মারধর করা ঠিক নয়। ঘটনায় নিজের ভুল স্বীকার করার পরিবর্তে বেবি ওই বৃদ্ধ বাম নেতার ঘাড়েই অভিযোগ চাপিয়েছিলেন। বেবিকে বহিষ্কারের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। বিরোধীদের বক্তব্য, বেবির মাথা থেকে হাত তুলে নিয়েছে তৃণমূল। এবার কি তাঁকে গ্রেফতার করবে পুলিশ? যদিও এ ব্যাপারে অভিযুক্ত বেবি কোলের বা পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ, এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই গত সপ্তাহে তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় তাঁকে শোকজ করেছিল দল এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ আটকও করে। পরে ছেড়েও দেওয়া হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন প্রহৃত বাম নেতা। এরই মধ্যে কড়া পদক্ষেপ নিল দল।