.jpeg)
শিখা চট্টোপাধ্যায় ও মনোরঞ্জন ব্যাপারী।
শেষ আপডেট: 20 February 2025 13:22
দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি উঠল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বৃহস্পতিবার বিধানসভায় এই দাবি জানান বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
এদিন বাজেট ভাষণে অংশ নিয়ে বিজেপি বিধায়ক বলেন, "উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত। খাবার জলটুকু পর্যন্ত ওরা পান না। বছরের পর বছর উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত।"
এরপরই ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখাদেবী বলেন, "উত্তরবঙ্গের মানুষের দাবি হয়, উন্নয়ন করুন না হলে আমাদের আলাদা থাকতে দিন। এভাবে বছরের পর বছর ধরে বঞ্চনা চলতে পারে না।"
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিখাদেবী বলেন, অনেকে ভাবতে পারেন আমি বা আমরা রাজ্যভাগের কথা বলছি। কিন্তু এটা আমার একার কথা না, উত্তরবঙ্গের মানুষের কথা। তাঁরা চান আলাদা হোক উত্তরবঙ্গ।। কারণ তাঁরা দিনের পর দিন বঞ্চিত। সেকারণেই উত্তরবঙ্গের মানুষের বিধায়ক হিসেবে আমি বিধানসভায় তাঁদের দাবির কথা তুলে ধরলাম।"
তৃণমূলের তরফে অবশ্য দাবি করা হয়, বাম জমানার তুলনায় তৃণমূল জমানায় উত্তরবঙ্গের অনেক উন্নয়ন হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে মাঝেমধ্যে ভিজিটও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে শিখাদেবীর কটাক্ষ, "উনি উত্তরবঙ্গে যান নাচ গান করতে। হাতে গ্লাভস পড়ে নেচে আবার ফিরে যান। কোন উন্নয়ন হয়নি। মানুষ একটু খাবার জল পায় না।"
যদিও বিজেপি বিধায়কের অভিযোগ খারিজ করে বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "বিজেপি বুঝে গেছে ২৬ সালে উত্তরবঙ্গেও ওরা জেতা আসনগুলো হারাবে। তাই ধর্মের জিগির তুলে ওরা নতুন করে বাংলা ভাগের আওয়াজ তুলছেন। উত্তরবঙ্গের মানুষ ওদের এই যড়যন্ত্র ব্যর্থ করে দেবেন।" শোভনদেব এও বলেন, "উত্তরবঙ্গের কেউ বাংলা ভাগের কথা বলছে না, একথা বলছে বিজেপির লোকজন।"
এর আগে বুধবার বিধানসভায় রাজ্যের জন্য পৃথক পতাকার দাবি জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বুধবার বিধানসভায় তিনি বলেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা দেখছি তাদের নিজস্ব রাজ্য সঙ্গীত আছে এবং নিজেদের একটা পতাকাও আছে, রাজ্য পতাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা রাজ্য সঙ্গীত পেয়েছি। তাহলে রাজ্যের জন্য আলাদা পতাকা কেন হবে না!"
আলাদা পতাকার দাবির পর এবার ২৪ ঘণ্টার ব্য়বধানে পৃথক রাজ্যের দাবি ঘিরে এদিন নতুন করে শোরগোল তৈরি হয় বিধানসভায়।