
শেষ আপডেট: 30 December 2023 15:27
দ্য ওয়াল ব্যুরো, খড়দা: মেলার ভিড়ে মহিলা পুলিশের শ্লীলতাহানি! ঘোরতর অভিযোগ উঠেছে তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে। নির্যাতিতা পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে খড়দহের পানিহাটিতে ।
পানিহাটি উৎসবে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা দীপ মজুমদার। ঘোলা থানার নাটাগড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দীপ ছাড়াও আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন মহিলা পুলিশকর্মী। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
ঠিক কী ঘটনা ঘটেছিল? ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর খড়দহে চলছিল পানিহাটি উৎসব। ওই উৎসবে নিয়মবিধি ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন ব্যারাকপুর পুলিশ ব্যাটালিয়নের এক মহিলা পুলিশকর্মী। কর্তব্যরত পুলিশকর্মীর অভিযোগ, মেলা কমিটিরই কয়েকজন সদস্য তাঁর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। তিনি প্রতিবাদ করা সত্ত্বেও ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। এই দলের মধ্যেই এলাকার যুব তৃণমূল নেতা দীপ মজুমদার। ঘটনাটির পর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন পুলিশকর্মী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পানিহাটি পুলিশ।
সম্প্রতি ঘটনার পর ছয় দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভপ্রকাশ করে শুক্রবার সোশাল মিডিয়ায় সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরই কার্যত নড়েচড়ে বসে পুলিশ। সূত্রের খবর, পুলিশি জেরায় শ্লীলতাহানির কথা স্বীকার করেছেন অভিযুক্ত। অভিযুক্ত দীপ মজুমদার পানিহাটি পুরসভার কাউন্সিলর স্বপন কুন্ডু-র 'ঘনিষ্ঠ' বলে পরিচিত।