দ্য ওয়াল ব্যুরো : বাহরিনের রাজার দূর সম্পর্কের ভাই শেখ হামাদ ইসা আলি অল খলিফা ছোটবেলায় মানুষ হয়েছিলেন এক ভারতীয় পরিচারিকার কাছে। তাঁর প্রভাবে তিনি হয়ে ওঠেন বলিউডি ছবির ভক্ত। আহমেদ আদেল আবদুল্লা আহমেদ নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে চুক্তি করেন, বলিউডের সেরা তারকাদের সঙ্গে দেখা করিয়ে দেবেন। প্রত্যেক তারকার সঙ্গে দেখা করার জন্য শেখকে দিতে হবে ১৫ লক্ষ ডলার। অভিযোগ, কয়েকজন স্টারের সঙ্গে দেখা করার পরেও চুক্তিমতো টাকা দিচ্ছেন না শেখ। সেজন্য মামলা হয়েছে ব্রিটেনের হাইকোর্টে।
আহমেদ হাইকোর্টে জানিয়েছেন, তিনি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খানের মতো ২৬ জন স্টারের সঙ্গে শেখের আলাপ করিয়ে দেবেন বলে কথা দেন। সেইমতো ২০১৬ সালের ১৬ জানুয়ারি মুম্বইয়ের সেন্ট রেজিস হোটেলে শেখের সঙ্গে দেখা করেন শাহরুখ খান। ওই বছরেই ১১ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে দেখা করেন সলমন খান। ৬মার্চ দুবাইয়ের মিনা অল সালাম হোটেলে শেখের সঙ্গে রণবীর সিংয়ের দেখা হয়। ১৭ মার্চ দেখা হয় আদিত্য রয় কাপুরের সঙ্গে।
এতজনের সঙ্গে দেখা করার পরে শেখ আহমেদকে দিয়েছেন ৪০ লক্ষ ডলার। বাকি অর্থ এখনও দেননি।
শেখের আইনজীবী বলেছেন, লন্ডনের আদালতে ওই মামলার বিচার হতেই পারে না। কারণ শেখ লন্ডনের বাসিন্দা নন। কিন্তু হাইকোর্ট বলেছে, যেহেতু চুক্তি হয়েছিল লন্ডনে তাই সেখানে বিচার হতে পারে। আগামী ১২ নভেম্বর থেকে মামলার শুনানি চালু হবে।