দ্য ওয়াল ব্যুরো : পুদুচেরিতে স্বচ্ছতা অভিযানের সাফল্য উপলক্ষে বিশেষ সভার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার। সভার মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল কিরণ বেদি ও মন্ত্রীরা। এ আনবালাগান নামে এক বিধায়ক দীর্ঘক্ষণ ভাষণ দিচ্ছিলেন। কিরণ বেদি তাঁকে ভাষণ থামিয়ে স্টেজ থেকে নেমে যেতে বলেন। বিধায়কও পালটা জবাব দেন। মঞ্চের ওপরেই বিতর্কে জড়িয়ে পড়েন রাজ্যপাল ও বিধায়ক। সেই কথা কাটাকাটির দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কিরণ বেদি টুইট করেছেন, ওয় বিধায়ককে বার বার বলা সত্ত্বেও ভাষণ থামাচ্ছিলেন না। বাধ্য হয়ে মাইকের সুইচ অফ করে দিতে হয়েছিল। তিনি চেঁচিয়ে উঠেছিলেন। আমি আগেও তাঁকে এমন আচরণ করতে দেখেছি।
ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, মঞ্চে কিরণ বেদি ও এ আনবালাগন মুখোমুখি দাঁড়িয়ে আছেন। হাত নেড়ে পরস্পরকে কিছু বলছেন। মঞ্চে অন্য মন্ত্রীরা বসেছিলেন। তাঁদের একজন উঠে দাঁড়িয়ে কিছু বললেন। তিনি সম্ভবত দুজনকে থামাতে চাইছিলেন।
প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদির সঙ্গে পুদুচেরির কংগ্রেস সরকারের সম্পর্ক বিশেষ ভালো নয়। সরকারের অভিযোগ, রাজ্যপাল কল্যাণমূলক প্রকল্পগুলিতে সহজে অনুমোদন দেন না। নির্বাচিত সরকারকে এড়িয়ে কাজ করেন।
https://twitter.com/ANI/status/1047034156650311683