
ডিজি রাজীব কুমার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 16 July 2024 21:18
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ থেকে শুরু করে সাম্প্রতিক গণপিটুনির ঘটনাকে সামনে রেখে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, "বাংলায় আইনের শাসন নেই। তৃণমূলের গুন্ডারাজ চলছে। আর তাতে মদত রয়েছে পুলিশেরও। তৃণমূল করলে সাত খুন মাফ।"
মঙ্গলবার এ প্রসঙ্গে বিরোধী দলনেতার অভিযোগ খণ্ডন করতে গিয়ে তাৎপর্যপূর্ণভাবে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে আনলেন কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার।
লোকসভা ভোটের জন্য কমিশন পদস্থ এই আইপিএস অফিসারকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল। সোমবার ফের রাজ্য পুলিশের সর্বোচ্চ পদের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে রাজীব কুমারের কাছে এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চান, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে কী মনে হয় ইন্টেলিজেন্স ফেইলিওর হয়েছে?
দুঁদে আইপিএস রাজীব কুমার সাংবাদিকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, "ইউএসএ যেটা হল (ট্রাম্পের ওপর হামলা) কী বলবেন ইন্টেলিজেন্স ফেলিওর?"
সাংবাদিক বৈঠকে তখন পিন পড়ার নিস্তব্ধতা! খানিক থেমে ডিজি বলেন, "এই ধরনের ঘটনা (ট্রাম্পের হামলা) যেকোনও সময় যেকোনও জায়গায় ঘটতে পারে। তবে দেখতে হবে আমরা কীভাবে ঘটনাগুলো মোকাবিলা করছি, সেটাই বড় কথা। কিছু ক্ষেত্রে হয়তো আইনশৃঙ্খলার অবনতির মতো পরিস্থিতি তৈরি হয়, কিন্তু খবর পাওয়ামাত্র পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।"
গত শনিবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার মঞ্চেই গুলিবিদ্ধ হন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে বন্দুকবাজকেও সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করেন ট্রাম্পের রক্ষীরা। রাজ্যের সাম্প্রতিক গণপিটুনির একাধিক ঘটনাতেও পুলিশ একাধিক জনকে গ্রেফতার করেছে। আগামী দিনে কেউ ফের হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করলে পুলিশ যে তার মোকাবিলা করতে প্রস্তুত, এদিন তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ডিজি।
তবে আইনশৃঙ্খলার প্রশ্নে ডিজি যেভাবে ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ টেনে এনেছেন তা অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ ঠেকেছে। এ ব্যাপারে বিরোধী দলনেতার অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।