
শেষ আপডেট: 21 March 2022 01:48
দ্য ওয়াল ব্যুরো: সোমবারই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে অশনি (Cyclone Ashani)। রবিবার পর্যন্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান এই গভীর নিম্নচাপটি। কয়েক ঘন্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়তে চলেছে উপকূলবর্তী এলাকায়।
মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি (Cyclone Ashani) উত্তর মায়ানমার উপকূলের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতেও।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৭০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও দক্ষিণ ভারতের দু-একটি রাজ্যে বিশেষ করে কেরালা, কর্নাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, পন্ডিচেরিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি-সোমবার নাগাদ বৃষ্টি হতে পারে উত্তর-পশ্চিম ভারতের দু-একটি রাজ্যেও। আগামী ৪৮ ঘন্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা।
তবে এই রাজ্যে এই ঝড়ের সরাসরি প্রভাব না পড়লে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। ফলে আবহাওয়ার পরিবর্তন হবে। হাওয়া অফিস সূত্রে খবর, জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। আগামী চার পাঁচ দিনে দুপুরের দিকে গরম বাড়বে। তবে কয়েকদিন দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
এরই মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা দলকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। জারি করা হয়েছে লাল সঙ্কেত। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ছোট্ট বাঁদরছানাকে কীভাবে প্রাণে বাঁচালেন ট্যাক্সিচালক! দেখুন চোখে জল আনা ভিডিও