
হাজি নুরুল ইসলাম।
শেষ আপডেট: 25 September 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে ব্রিগেডের মঞ্চ থেকে যখন তাঁর নাম ঘোষণা হয়, তখনই বেশ অসুস্থ তিনি। ফুসফুসে সংক্রমণ ছিল। ক্যানসারে আক্রান্ত ছিলেন হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। অসুস্থ শরীর নিয়েই ভোটে লড়েছেন এবং জিতেওছেন। কিন্তু আর পুরোপুরি সুস্থ হয়ে ওঠা হল না। বুধবার দুপুরে মৃত্যু হল বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুলের।
লোকসভা ভোটের পর ক্যান্সারের চিকিৎসার জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা চলছিল হাজি নুরুলের। বিদেশ থেকে বিশেষ ওষুধ আনার পর শারীরিক অবস্থার সাময়িক উন্নতিও হচ্ছিল। কিন্তু শেষরক্ষা হল না।
পরিবার সূত্রের খবর, এদিন দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনার জেরে পরিবার এবং অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলের তরফেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে শোক প্রকাশ করেছেন।
Sad to know of the demise of my valued colleague, our MP of Basirhat, Haji Sk. Nurul Islam.
— Mamata Banerjee (@MamataOfficial) September 25, 2024
He was a dedicated social worker in a remote Sundarban area, and he worked hard for the upliftment of poor people in a backward region. People of Basirhat will miss his leadership.
I…
নুরুল কংগ্রেসি রাজনীতি করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠনের সময়ে নুরুলও তাঁর সঙ্গে বেরিয়ে আসেন। অর্থাৎ দলের প্রথম দিনের সৈনিক।
It deeply saddens me to hear about the passing of our Lok Sabha MP from Basirhat, Haji Sk. Nurul Islam.
— Abhishek Banerjee (@abhishekaitc) September 25, 2024
He was a true champion of the Ma, Mati, Manush philosophy, dedicating his life to serving the people and safeguarding their well-being, even in his final days.
My heartfelt…
এবারে লোকসভা ভোটের মুখে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর গোষ্ঠীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে সরব হয়েছিলেন সেখানকার একাংশ মহিলা। পরে এই সংক্রান্ত কিছু ভিডিও-ও ভাইরাল হয়। এদিকে বসিরহাটের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে নিয়েও এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ ছিল।
এমন পরিস্থিতিতে বসিরহাট উদ্ধারে অসুস্থ নুরুলকে প্রার্থী করেছিলেন দলনেত্রী। শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্রতিটি এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন এবং ফল প্রকাশের পর দেখা যায় তিন লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। অতীতে হাড়োয়ার বিধায়কের পাশাপাশি দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতিও ছিলেন নুরুল।
প্রসঙ্গত, সন্দেশখালি আবহে বসিরহাট লোকসভা হাতছাড়়া হতে পারে বলে অনেকেই মনে করেছিলেন। তবে ভোটে দাঁড়ানোর পরই সে সময় বেশ জোর গলায় নুরুল জানিয়েছিলেন, “এবারের লড়াই তুলনায় সহজ। ২০০৯ সালের লড়াই অনেক কঠিন ছিল, অনেক কঠিন। তখন আমাদের কিছু ছিল না। এখন বসিরহাটে আমাদের সংগঠন মজবুত, শক্তিশালী। এবার ২ লক্ষের বেশি ভোটে জিতে দিদিকে বসিরহাট দেব।”