দ্য ওয়াল ব্যুরো: ভারতের শেষ সীমায় দাঁড়িয়ে ছবি তুলে তা টুইটারে পোস্ট করেছিলেন তিনি। কাঁধে ব্যাগ, গলায় ক্যামেরা, মাথায় টুপি-- সব মিলিয়ে আদর্শ এক ট্র্যাভেলরের চেহারা যেন। সঙ্গে মুখে হাসি, যা বলে দেয় এই ভ্রমণকে দারুণ উভোগ করছেন তিনি।
হিমাচল প্রদেশের নাগাস্তি পোস্টের সামনে দাঁড়ানো এ ছবির সঙ্গে টুইটারে লেখা, 'ভারতের শেষ সীমায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে সাধারণ মানুষদের ঢোকার অনুমতি রয়েছে। এই পয়েন্টের পর ৮০ কিলোমিটার আগে তিব্বতীদের সীমান্ত রয়েছে, যেখানে চিন অবৈধ ভাবে ঘাঁটি গেড়েছে।' পোস্ট করার সময়ে দুপুর ১২:৫৯।
https://twitter.com/deepadoc/status/1419198227249651712
কে জানত, মাত্র আধঘণ্টার মধ্যে সেই ভ্রমণপথেই মৃত্যু হবে টুইটার অ্যাকাউন্টের মালিক দীপা শর্মার!
জয়পুরের বাসিন্দা, ৩৪ বছরের দীপা শর্মার মৃত্যর পরে সামনে এসেছে তাঁর টুইট। রবিবার হিমাচলপ্রদেশের সাংলা উপত্যকায় মারাত্মক ভূমিধসে বোল্ডারের ধাক্কায় ব্রিজ ভেঙে যে ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দীপা একজন। এই মর্মান্তিক ঘটনার খানিক আগেই বেড়ানোর ছবি টুইটারে পোস্ট করেছিলেন দীপা। দুর্ভাগ্যবশত, তখনও তিনি জানতেন না, সেটিই তাঁর শেষ পোস্ট হতে চলেছে।
গতকালই সাংলার দুর্ঘটনার একটি ভয়াবহ ভিডিও সামনে ভাইরাল হয়। দেখা যায়, পাহাড়ের গা বেয়ে বড় বড় পাথরের চাঁই সটান গড়িয়ে পড়ছে উপত্যকায়৷ একের পর এক পাথরের চাঁইয়ে ধাক্কা খাচ্ছে পর্যটকদের গাড়ি৷ একটি বড় পাথর পড়ে ভেঙে যায় একটি ব্রিজ, ব্রিজে থাকা একটি গাড়ির ভিতরের ১২ জনের মধ্যে ৯ জনই মারা যান। ওই গাড়িতেই ছিলেন দীপা।
গত পরশু দিনও টুইটারে ছবি পোস্ট করেছিলেন দীপা। এমনকি ওই ব্রিজটির সামনেই দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। সঙ্গে লিখেছিলেন, 'প্রকৃতি মা-কে ছাড়া জীবন কিছুই নয়।' কে জানত, সেই প্রকৃৃতির নিষ্ঠুর পরিহাসেই প্রাণ চলে যাবে মাত্র ৩৪ বছর বয়সে!
https://twitter.com/deepadoc/status/1418903240440225797
দীপা শর্মা পেশায় এক আয়ুবের্দিক চিকিৎসক ছিলেন। সেই সঙ্গে ছিলেন একজন লেখকও। তিনি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন। করোনা সংক্রমণ, লকডাউন নিয়ে টুইটারে অনেকবার লিখেছেন তিনি। এছাড়াও কৃষক আন্দোলন সংক্রান্ত ইস্যুতে তাঁর একাধিক টুইট রয়েছে। সম্প্রতি ক্রিকেটারদের চেয়ে অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের গুরুত্ব দেওয়া হোক নিয়ে টুইটে সরব হয়েছিলেন দীপা।
https://twitter.com/deepadoc/status/1418856038225350665
সেইসঙ্গেই সদাহাস্যময়ী এই তরুণীর অন্যতম ভালবাসা ছিল ভ্রমণ। সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তেন। এসবের জন্যই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়ও ছিলেন তিনি। দু’দিন আগেই হিমাচল প্রদেশের চিটকুল গ্রামে এসেছিলেন দীপা শর্মা। চিটকুল নিয়ে বেশ কিছু পোস্টও করেছিলেন গত কয়েক দিনে। সব আচমকা স্তব্ধ হয়ে গেল। আর কখনওই ঘোরার ছবি পোস্ট হবে না তাঁর অ্যাকাউন্ট থেকে।