
দার্জিলিং-কালিম্পংয়ের রাস্তায় ধস
শেষ আপডেট: 26 June 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির জেরে উত্তরবঙ্গে দুর্ভোগ পিছু ছাড়ছে না। মাঝে কয়েক দিন বিরতির পর মঙ্গলবার রাত থেকে ফের পাহাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। যার জেরে বহু জায়গায় ধস নামে। বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক।
এনএইচ১০ সিকিমের 'লাইফলাইন' হিসেবে পরিচিত। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে সংযোগরক্ষাকারী এই সড়ক এদিন বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়েন বহু মানুষ। দু-দিকে আটকে পড়ে যানবাহন। আপাতত গাড়িগুলিকে লাভা-আলগাড়া রুটে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
অন্যদিকে, টানা বৃষ্টির কারণে ফের একবার তিস্তার জল বাড়তে শুরু করেছে। এদিন তিস্তা বাজার থেকে দার্জিলিংগামী রাস্তা প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়। তিস্তাবাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার সড়কও ধসের কারণে সাময়িকভাবে বন্ধ ছিল। তবে খুব দ্রুত রাস্তা থেকে পাথর, গাছ সরানোর কাজ শুরু হয়।
বর্ষা প্রবেশ করার কয়েকদিন পর থেকেই উত্তরবঙ্গ, সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। যার জেরে একদিকে তিস্তা সহ অন্য পাহাড়ি নদীগুলিতে জলস্ফীতি হয়েছে। একইসঙ্গে ধস নামে কালিম্পং, দার্জিলিং, সিকিমে। মাঝে ক’টা দিন পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও বুধবার সকালে ফের বিস্তীর্ণ এলাকায় ধস নামে।
হাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হাসিমারাতে ২১৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বারোভিসাতে ১৭৯.৮ মিলিমিটার এবং জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ১৬৬.৫ মিলিমিটার। বুধবারও একইরকমভাবে প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে উত্তরের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং ও নিচের দিকের মালদা এবং দুই দিনাজপুরে গোটা সপ্তাহ ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলার পূর্বাভাস রয়েছে।