
শেষ আপডেট: 15 August 2023 10:44
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লালকেল্লায় (Lalkella) জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) দাবি করেছেন, এবারের স্বাধীনতা দিবসেই (Independence Day 2023) লালকেল্লায় শেষবার জাতীয় পতাকা উত্তোলনের সুযোগ পেলেন নরেন্দ্র মোদী। আগামী বছর ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা তুলবেন।
লালকেল্লার ভাষণ থেকে নরেন্দ্র মোদী মঙ্গলবার ঘোষণা করে দিয়েছেন ফের তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। ২০২৪-এর স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে তিনি ভাষণ দেবেন, ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের প্রধান রাষ্ট্রীয় অনুষ্ঠানের ভাষণে এই ভাবে ব্যক্তিগত এবং দলীয় বিষয় টেনে আনা প্রধানমন্ত্রীর মুখে কতটা মানানসই তা নিয়ে নানামহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে দেশ ও দশের কথাই কাম্য।
স্ত্রী তথা আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে সঙ্গে নিয়ে লালুপ্রসাদ মঙ্গলবার পাটনায় তাঁদের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। ছিলেন তাঁদের পরিবার ও দলের সদস্যরাও। লালুপ্রসাদ সাংবাদিকদের বলেন, ‘আমি স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের জনগণকে আমার শুভেচ্ছা এবং মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ ও বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের মতো মহান ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁদের অবদান জাতি কখনও ভুলতে পারে না।’
প্রসঙ্গত, সোমবার রাতে বেহালায় প্রাক্ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রার্থনা করি, লালকেল্লায় শ্রদ্ধেয় মোদীবাবুর যেন শেষ ভাষণ হয়! আগামী বছর ইন্ডিয়া পতাকা তুলবে।’ মমতা আরও বলেন, ‘বুলডোজার দিয়ে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আমরা এখন বিজেপির শাসনে আছি। আমরা স্বাধীন নই। আমরা পরাধীন।’
পাটনায় লালুপ্রসাদকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, আগামী বছর কী হতে পারে পরিস্থিতি। জানতে চান, তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে কাকে পছন্দ করেছেন। বিচক্ষণ রাজনীতিক হিসাবে পরিচিত লালুপ্রসাদ জবাব দেন, আগলি বার হাম লোগ আয়েঙ্গে (পরের বার, আমাদের পালা)।
প্রসঙ্গত, পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালুপ্রসাদ নিজে আগামী বহু বছর ভোটে প্রার্থী হতে পারবেন না। তবে বিরোধী জোট ইন্ডিয়া গড়ে তোলার পিছনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রকাশ্যে যতটা সক্রিয় আড়ালে থেকে লালুপ্রসাদ ততটাই কার্যকর ভূমিকা নিচ্ছেন বলে খবর। বিশেষ করে কংগ্রেস ও রাহুল গান্ধীর সঙ্গে বাকি দলগুলির বোঝাপড়া গড়ে তোলার পিছনে আরজেডি সুপ্রিমো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
আরও পড়ুন: পতাকার সঙ্গে ৮ কোটি ৮০ লক্ষ সেলফি! মোদীর হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনে বিপুল সাড়া