
শেষ আপডেট: 27 March 2023 04:13
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার সদস্যপদ ফিরে পেতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন লাক্ষাদ্বীপের সাংসদ (Lakshadweep MP) মোহাম্মদ ফৈজল (Mohammad Faizal)। আইনজীবী কেআর শশী প্রভুর মাধ্যমে সুপ্রিম কোর্টে (Supreme Court) রেজিস্ট্রারের অফিসে লোকসভার সচিবালয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।
ওই প্রাক্তন সাংসদের বক্তব্য, কেরল হাইকোর্ট সাজার উপর স্থগিতাদেশ জারি করার পরও লোকসভার সচিবালয় তাঁর সদস্যপদ ফেরাচ্ছে না। প্রসঙ্গত, এবছরের জানুয়ারির গোড়ায় লাক্ষাদ্বীপের আদালত এনসিপির এই সাংসদকে একটি খুনের মামলায় অভিযুক্ত করে। তাঁর মামলায় দিকে নজর রাখছে কংগ্রেস। কারণ, নিম্ন আদালতের রায়ে সাংসদ পদ হারিয়েছেন রাহুল গান্ধীও।
কংগ্রেসের আইনজীবী সেলের ধারণা, সময় লাগলেও উচ্চ আদালতে রাহুলের সাজার মেয়াদ কমে যাবে। তখন কংগ্রেস সাংসদও সাংসদ পদ ফেরানোর দাবি পেশ করবেন লোকসভায়। ফৈজলের অভিযোগ, তিনি বিস্তারিত জানিয়ে লোকসভার সচিবালয়কে চিঠি দিলেও সেখান থেকে কিছুই জানানো হচ্ছে না।
মহম্মদ ফৈজল ২০১৪ থেকে লাক্ষাদ্বীপের সাংসদ। নিম্ন আদালতে অভিযুক্ত হওয়া মাত্র গত ১৩ জানুয়ারি লোকসভার সচিবালয় তাঁর সদস্যপদ খারিজ করে দেয়। ঠিক যেভাবে গত শুক্রবার খারিজ হয়েছে কেরলের ওয়ানাদের সাংসদ রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ। রাহুল এখনও উচ্চ আদালতে যাননি।
কিন্তু ফৈজল কেরল হাইকোর্ট থেকে তাঁর সাজার উপর স্থগিতাদেশ পেয়েছেন। ফলে লাক্ষাদ্বীপের শূন্য আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করেও তা স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। গত ২৭ ফেব্রুয়ারি সেখানে ভোট গ্রহণের কথা ছিল। এখন দেখার সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ করে।
বঙ্গ সফরে রাষ্ট্রপতি, সোম-মঙ্গল শহর জুড়ে যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের