
শেষ আপডেট: 30 December 2022 12:10
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিয়ান তথা হরিয়ানার (Haryana) বিজেপি (BJP) সরকারের ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন সেই রাজ্যেরই এক মহিলা অ্যাথলিট কোচ (lady athlete coach)। চণ্ডীগড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই মহিলা কোচ বলেন, যে সন্দীপ সিং তাঁকে তার সরকারি বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিল। সেখানেই সে শ্লীলতাহানি (sexual harassment) করে।
উল্লেখ্য, এই মহিলা কোচ জাতীয় স্তরের প্রাক্তন অ্যাথলিটও। এখানেই শেষ নয়। সন্দীপ সিং অন্য মহিলা খেলোয়াড়দেরও যৌন হয়রানির চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছেন ওই মহিলা কোচ।
এরপর তিনি আরও অভিযোগ করেন যে, ক্রীড়ামন্ত্রী তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে ভ্যানিশ মোড ব্যবহার করে কথা বলেছিল। যার ফলে চ্যাট করার একটা নির্দিষ্ট সময় পরে সব মেসেজ আপনা-আপনি ডিলিট হয়ে যায়। শুধু তাই নয়, সন্দীপ সিং তাঁকে স্ন্যাপচ্যাটেও কথা বলার প্রস্তাব দিয়েছিল বলে অভিযোগ। এরপর তাঁকে চণ্ডীগড়ের সেক্টর ৭-এ আলাদা করে দেখা করার প্রস্তাবও দিয়েছিল সে।
যদিও এই প্রস্তাবগুলির একটাতেও রাজি হননি ওই মহিলা কোচ। অভিযোগ, এরপরই সন্দীপ সিং তাঁকে নিজের বাসভবনে কিছু জরুরি কাজের জন্য ডেকে পাঠান। সেখানে তিনি যাওয়ার পরেই ক্রীড়ামন্ত্রী তাঁকে যৌন হেনস্থা করে। এমনকী তাঁর কথা মতো কাজ করলে কোচের বদলে আরও বড় জায়গায় চাকরি পাইয়ে দেওয়ার টোপও দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
এমন গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসতেই হরিয়ানার বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের কাছে বিষয়টিতে হস্তক্ষেপের আবেদন করেছে। এদিকে, জুনিয়র মহিলা কোচের অভিযোগ শুনে পাল্টা মুখ খুলেছেন ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংও। তিনি বলেছেন, "এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি কখনও কোনও মহিলা কোচের সঙ্গে আলাদা দেখা করিনি।"
মমতাকে জয় শ্রীরাম: শুভেন্দুদের বিরুদ্ধে হেঁটে ব্যতিক্রমী বিজেপিরই সাংসদ