
Bratya Basu and Kunal Ghosh
শেষ আপডেট: 11 March 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে সোমবার বৈঠকে বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, সমস্যা সমাধানের ব্লু-প্রিন্ট তৈরি।
সোমবার কুণাল ঘোষ এই সাংবাদিক বৈঠক থেকে বলেন, ''জট পুরো খুলে গেছে তা বলা যাবে না। কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখে সরকার সদিচ্ছা নিয়ে এমন জায়গায় এসেছে যে সমস্যা সমাধানের ব্লু-প্রিন্ট তৈরি করা গেছে। কিন্তু সেটা আইনি বৈধতা সাপেক্ষ।'' তবে এক্ষেত্রেও আইনি জটের প্রসঙ্গ তুলেছেন তিনি। তৃণমূল নেতার কথায়, ''যদি আইনি বৈধতা পাওয়া যায় তাহলে আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে, যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।''
প্রাথমিকভাবে যে সিদ্ধান্তে আসা হয়েছে তার জন্য অ্যাডভোকেট জেনারেলের অনুমোদন দরকার। কুণাল জানান, বিষয়টি আইনি বৈধতা পাবে কিনা তার জন্য অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এসএসসি-র তরফে এই বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছিল এজি-র কাছে। সেই বৈঠকে এখন শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিব থাকবেন।
ব্রাত্য বসু জানান, এই নিয়োগ জটের নিষ্পত্তি তাঁরা করতে উদ্যোগী। এজির সঙ্গে বৈঠক করে এই জট দ্রুত কাটবে বলেই আশাবাদী তিনি। মন্ত্রী বলেন, ''যে আন্দোলনকারীরা দিনের পর দিন রাস্তায় আছেন, যারা বঞ্চিত তাদের যদি কিছুটা সুরাহাও করতে পারি, সেই লক্ষ্যের দিকে তাকিয়েই এজির সঙ্গে বৈঠকে যাচ্ছি।'' বৈঠকে শিক্ষামন্ত্রী সহ থাকতে চলেছেন কুণাল ঘোষ, এসএসসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।
গত শুক্রবার কুণাল ঘোষের সঙ্গে চাকরিপ্রার্থীদের একাংশ বৈঠক করেছিল। সোমবার ফের এক বৈঠক হল। চাকরিপ্রার্থীদের অভিযোগ, ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই নিয়ে কোনও পদক্ষেপ হয়নি। প্রসঙ্গত, প্রথম থেকেই চাকরিপ্রার্থীদের তরফে সরকার তথা শিক্ষা দফতরের সঙ্গে যোগসূত্র করছেন কুণাল ঘোষ। সোমবারও তিনি এই বিষয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন।