দ্য ওয়াল ব্যুরো : রাষ্ট্রসংঘ যাকে বিশ্বের সবচেয়ে বড় জনসমাবেশ আখ্যা দিয়েছে, সেই কুম্ভ মেলায় আধ্যাত্মিকতার টানে আসছেন কোটি কোটি মানুষ। মেলাকে কেন্দ্র করে জমে উঠেছে ব্যবসা। এর ফলে রাজ্য সরকারের আর্থিক লাভ হচ্ছে যথেষ্ট। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের হিসাবমতো কুম্ভ মেলা থেকে উত্তরপ্রদেশের আর্থিক লাভ হবে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা।
গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা। চলবে ৪ মার্চ পর্যন্ত। ৫০ দিনের মেলায় রাজ্য সরকারের ব্যয়বরাদ্দ ৪২০০ কোটি টাকা। ২০১৩ সালের কুম্ভের তুলনায় এবারের আর্থিক বরাদ্দ প্রায় তিন গুণ। এই মেলাকে কেন্দ্র করে যে ব্যবসা হচ্ছে, তাতে কর্মসংস্থান হয়েছে ৬ লক্ষ শ্রমিকের। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের হিসাবমতো হোটেল শিল্পে কর্মসংস্থান হয়েছে আড়াই লক্ষ মানুষের। বিভিন্ন বিমান সংস্থা ও বিমান বন্দরে কাজ করছেন দেড় লক্ষ মানুষ। ট্যুর অপারেটর হিসাবে কাজ করছেন ৪৫ হাজার মানুষ। এছাড়া ট্যুর গাইড, ট্যাক্সি ড্রাইভার, দোভাষী, স্বেচ্ছাসেবক হিসাবে কর্মসংস্থান হয়েছে ৫৫ হাজারের। এর ফলে বিভিন্ন সরকারি সংস্থার আয় বাড়বে। লাভবান হবেন ব্যবসায়ীরাও।
উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, কুম্ভ মেলার চরিত্র এখন আন্তর্জাতিক। অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, মরিশাস, জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা থেকে কুম্ভে এসেছেন পর্যটকরা। এর ফলে উত্তরপ্রদেশ সরকারের রাজস্ব তো বাড়বেই, সেই সঙ্গে প্রতিবেশী রাজ্য রাজস্থান, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও হিমাচল প্রদেশও লাভবান হবে।
গতবারের তুলনায় এবার আয়তনেও বেড়েছে কুম্ভমেলা। ২০১৩ সালে ১৬০০ হেক্টর জমির ওপরে মেলা হয়েছিল। এবার মেলা হচ্ছে ৩২০০ হেক্টর জমির ওপরে। দেশের প্রতিটি প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসছেন। তাঁদের জন্য বানানো হয়েছে অস্থায়ী আবাস। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, পুণ্যার্থীদের জন্য চার হাজার তাঁবু তৈরি করা হয়েছে। সেই জায়গা আলোকিত করার জন্য লাগানো হয়েছে ৪০ হাজার এলইডি লাইট। সব মিলিয়ে সেখানে তৈরি হয়েছে এক মিনি সিটি। তার পরিকাঠামোও তৈরি করতে হয়েছে। তৈরি হয়েছে নতুন ২৫০ কিলোমিটার রাস্তা ও ২২ টি পনটুন ব্রিজ। কয়েকটি রেল স্টেশনের আধুনিকীকরণ করা হয়েছে।
কুম্ভমেলা ঠিক কবে শুরু হয়েছিল, তা অস্পষ্ট। গঙ্গা-যমুনার সঙ্গম স্থল প্রয়াগরাজে দু’হাজার বছর আগেও যে কুম্ভমেলা হত তার উল্লেখ আছে চিনা পর্যটক হিউয়েন সাং-এর লেখায়। তিনি রাজা হর্ষবর্ধনের আমলে কুম্ভ মেলায় গিয়েছিলেন।