
শেষ আপডেট: 4 March 2023 11:31
দ্য ওয়াল ব্যুরো: জামিন (bail) পেলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। গ্রেফতারের ৮ ঘণ্টা পর আদালতে স্বস্তি পেলেন তিনি। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ ব্যারাকপুরের বাড়ি থেকে কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়। এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার বটতলা থানায় কৌস্তভের নামে অভিযোগ দায়ের করেন সুমিত সিং নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ পাওয়ার পরই শনিবার কাকভোরে কৌস্তভের বিরুদ্ধে ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। তারপর কয়েক ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে।
পুলিশ কৌস্তভের বিরুদ্ধে হুমকি, উস্কানি দেওয়া, শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। কৌস্তভকে মেডিক্যাল পরীক্ষা করানোর পর ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সেখানে পুলিশ কৌস্তভকে ১০ মার্চ পর্যন্ত নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায়।
কৌস্তভের হয়ে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি আদালতে কৌস্তভের গ্রেফতারিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, কোনও নোটিস না দিয়ে কীভাবে একজনের বাড়িতে ভোর রাতে হানা দিল পুলিশ। কৌস্তভের বিরুদ্ধে কোনও অপরাধমূলক অভিযোগ নেই। এমনকী তাঁর মক্কেলের বিরুদ্ধে ৭ বছরের কম যে অপরাধে সাজা রয়েছে, সেখানে গ্রেফতারি বাধ্যতামূলক নয়।
পুলিশের ৭ দিনের হেফাজত চাওয়ার আর্জি কানেই তোলেননি বিচারক। এদিন কৌস্তভের গ্রেফতারি মামলার শুনানিতে এজলাসে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। কৌস্তভের হয়ে ১০০ জন আইনজীবী সওয়াল শুরু করেন। তাঁদের দাবি ছিল, যে কোনও শর্তে কৌস্তভকে জামিন দিতেই হবে। হট্টগোল এমন পর্যায়ে পৌঁছয় যে, একসময় এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক।
প্রায় ঘণ্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের কৌস্তভের গ্রেফতারি মামলার সওয়াল জবাব শুরু হয়। শুনানি শেষে বিচারক রায়দান স্থগিত রাখেন কিছুক্ষণের জন্য। এরপর বিকেল ৪:৩০টে নাগাদ শর্ত সাপেক্ষে কংগ্রেস নেতাকে জামিন দেয় আদালত।
কৌস্তভের হয়ে আদালতে ১০০ আইনজীবী! হট্টগোলে এজলাস ছাড়লেন বিচারক