
শেষ আপডেট: 7 May 2024 19:00
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: কোন্নগরের এক তৃণমূল নেত্রীকে রাত-বিরেতে ফোনে উত্যক্ত করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেত্রী। তদন্ত শুরু করেছে পুলিশ।
কোন্নগর পুরসভার জলকল দফতরের কর্মী বিশ্বজিৎ মণ্ডল ওরফে বুচু। পুরসভার পরিবহণ দফতরের অস্থায়ী কর্মী প্রাক্তন কাউন্সিলর ওই মহিলা। একই অফিসে কাজের সুবাদে ফোনে কথা হত তাঁদের। তৃণমূল নেত্রীর অভিযোগ, গত তিন মাস ধরে তাঁকে গভীর রাতে কখনও ফোন করে, কখনও ভিডিও কল করে উত্যক্ত করতে থাকেন বিশ্বজিৎ। বারণ করলেও শোনে না। বরং কু প্রস্তাব দেয়। সেই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিন শর্ট তুলে রাখেন কাউন্সিলর। এবিষয়ে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসকে অভিযোগ জানান তৃণমূল নেত্রী। এরপর অভিযুক্ত তৃণমূল কর্মীকে দু'মাসের জন্য কাজ থেকে বসিয়ে দেন চেয়ারম্যান। ফের পয়লা মে সে কাজে বহাল হয়। অভিযোগ, এরপর থেকেই প্রাক্তন কাউন্সিলরকে ভয় দেখাতে থাকেন অভিযুক্ত। জানায়, সে চেয়ারম্যান ঘনিষ্ঠ তাই কেউ তার কিছু করতে পারবে না।
মঙ্গলবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তিনি জানান,দু'বছর আগে তাঁর স্বামী প্রয়াত হয়েছে। তারপর থেকে ছেলেকে নিয়ে তাঁর সময় কাটে। গত পুরবোর্ডে তৃণমূল থেকে কাউন্সিলর নির্বাচিত হন। কিছুদিন আগে পুরসভার পরিবহণ দফতরে অস্থায়ী কাজে যোগ দেন। তারপর থেকেই তাঁকে মানসিক নির্যাতন করা শুরু করেন ওই কর্মী। তিনি এখনও তৃণমূল করেন। দলের প্রতি তাঁর আস্থা আছে যে সুবিচার পাবেন। তিনি বলেন,"আমি একজন প্রাক্তন কাউন্সিলর। আমাকে কোন্নগরের সবাই দিদি দিদি করে। আমার সঙ্গে এরকম হওয়ায় সামাজিক সম্মান নষ্ট হয়েছে। আমার সঙ্গে এমন হলে সাধারণ মহিলাদের সঙ্গে কী হবে এই ভেবে আমি থানায় অভিযোগ করেছি।"
কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস বলেন, "পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমার দলের কর্মী বলে যদি সে দোষ করে তাকে পুজো করব এমন মানুষ আমি না।"