
শেষ আপডেট: 18 February 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কে বা কারা আট বছরের শ্রেয়াংশু শর্মাকে বাড়িতে ঢুকে খুন করল তা নিয়ে ক্রমশ ধোঁয়াশা বাড়ছে। দুদিন পার হয়ে গেলেও চন্দননগরে শিশু খুনে অপরাধীদের নাগাল পেতে পারেনি পুলিশ। রবিবার ফের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম।
গত শুক্রবার সন্ধেয় ঘরেই ছিল শ্রেয়াংশু। টিভি দেখছিল সে। সেই সময় বাড়িতে ঢুকে খুন করে পালিয়ে যায় কেউ বা কারা। প্রতিবেশীর শ্রেয়াংশুর রক্তাক্ত দেহ ঘরে পড়ে থাকতে দেখে হইচই শুরু করেন। এর পরেই ঘটনাটি সমানে আসে।
ঘটনার পরেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্তে শুরু করে। শনিবার বেলার দিকে সিআইডি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা নমুনা সংগ্রহ করেছিল। রবিবার ফের আসে ফরেনসিক দল। দুই সদস্যের দল বেলা একটা নাগাদ শিশুর বাড়িতে আসে। এক ঘণ্টা ধরে তাঁরা নমুনা সংগ্রহ করেন। বেরিয়ে যাওয়ার সময় ফরেনসিক এক্সপার্ট অভিজিত মান্ডি বলেন, "রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করলে অনেক রক্তপাত হয় সেই ধরনের রক্তপাতের চিহ্ন পাওয়া গেছে।"
শিশুর বাবা পঙ্কজ শর্মা বলেন, "ফরেনসিক টিম এসে নমুনা সংগ্রহ করে আমাদের কাউকে ঢুকতে দেয়নি। ছেলের মেডিক্যাল রিপোর্ট নিয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। বিষয়টা যাতে গুরুত্ব দিয়ে দেখে। এখনও পর্যন্ত ভালোই কাজ করছে। আশা করব কয়েকদিনের মধ্যেই ফল পাওয়া যাবে। রিপোর্ট আসা পর্যন্ত দেখব। পুলিশের তদন্তে আস্থা আছে। তবে সিআইডি তদন্ত হলে ভালো হত।"
এখনও আততায়ীর খোঁজ পায়নি চন্দননগর পুলিশ। আদর্শনগরের বাসিন্দারা রবিবার বিকালে শান্তি মিছিল করেন। তাঁরা চান, পুলিশ দ্রুত শ্রেয়াংশু খুনে অপরাধীকে খুঁজে বের করে গ্রেফতার করুক।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় শুক্লা বলেন, "এখনও পর্যন্ত পুলিশ অন্ধকারে রয়েছে। খুনের কারণ বোঝা যাচ্ছে না। আমরা চাইব পুলিশ প্রশাসন তাড়াতাড়ি এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করুক। যে দোষী, তার শাস্তি চাই।"