
আত্মঘাতী যুবক।
শেষ আপডেট: 11 July 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেত্রীর গাড়ি চালক পরিচয় দিয়ে যুবকের থেকে টাকা হাতিয়ে, ভয় দেখিয়ে, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে আশিস চক্রবর্তী নামের ওই যুবককে। নারকেলডাঙার বাসিন্দা দীপ সাউয়ের আত্মহত্যায় মূল অভিযুক্ত সে।
এদিকে যে নেত্রীর পরিচয়ে এই কাজ করত আশিস, ওই নেত্রীর গাড়ি একটা সময়ে চালাত সে। সেই সময়েই তার বিরুদ্ধে বিভিন্ন লোকের থেকে টাকা নেওয়ার অভিযোগ আসতে শুরু করে। জানতে পারার পরেই তাকে কাজ থেকে সরিয়ে দেন ওই নেত্রী। কিন্তু তার পরেও ভুয়ো পরিচয় দিয়ে ওই কাজ করে বেড়াত আশিস। নিজেকে বিজেপি নেত্রীর গাড়ি চালক পরিচয় দিয়ে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করত বিভিন্ন এলাকায়।
জানা গিয়েছে, ধৃত আশিস চক্রবর্তী নিজেকে বিজেপি নেত্রীর গাড়িচালক বলে পরিচয় দিয়ে নারকেলডাঙার বাসিন্দা দীপ সাউয়ের থেকে মোটা টাকা নিয়ে নেয়। টাকা নিয়ে আর ফেরত দিতে চায় না সে, এলাকা থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রের খবর, দীপ সাউ তাঁর সেই টাকা ফেরত চাইলেই আশিস তাঁকে ভয় দেখাতে শুরু করে, হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। ক্রমাগত ভয় ও হুমকির জেরে আত্মহত্যা করে ফেলেন দীপ। সুইসাইড নোটে লিখে যান গোটা ঘটনা। এর পরেই অভিযুক্ত আশিসের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার-পরিজনেরা।
পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে থানায় এসে দীপের পরিবার দাবি করে, আশিস চক্রবর্তীর প্ররোচনায় দীপ আত্মহত্যা করেছেন। সেইমতো পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আশিস ফেরার হয়ে গেছে। তবে শেষরক্ষা হয়নি। বুধবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।