
প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 February 2025 12:04
দ্য ওয়াল ব্যুরো: বচসার শুরু গাড়ি পার্কিং নিয়ে। সেই ঝামেলা এমন জায়গায় পৌঁছয় যে এক তরুণী আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই আইনজীবীকে নোংরা নোংরা কথা বলা হয় বলেও অভিযোগ।
ঘটনা দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার। আহত আইনজীবীর কথায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর চেম্বারের সামনে বেআইনি ভাবে পার্কিং করায় তার প্রতিবাদ করেছিলেন। যার জেরে তাঁর সঙ্গে স্থানীয় কয়েকজন ঝামেলা শুরু করেন। অভিযোগ, আচমকাই তখন ধারালো অস্ত্র নিয়ে আইনজীবীকে আক্রমণ করা হয়। তাঁকে হুমকিও দেওয়া হয়।
চারু মার্কেট থানার পুলিশ ঝামেলার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জানা যাচ্ছে, বচসায় জড়ানো দুই পক্ষই থানায় গিয়ে একে অপরের নামে অভিযোগ দায়ের করে।
এলাকায় কয়েক জন এবং হামলাকারীদের অভিযোগ, ওই তরুণী আইনজীবীর বাবা প্রোমোটার। বেআইনি নির্মাণের সঙ্গেও জড়িত তিনি। অভিযোগ, আইনজীবী তরুণী আগে তাঁদের উপর হামলা চালিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে যাবতীয় অভিযোগ।