
শহরের ক্লাবে যৌন হেনস্তার অভিযোগ - প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 June 2024 16:02
দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতার এক অভিজাত ক্লাবের কর্তার বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার অভিযোগ। ওই ক্লাবেরই এক মহিলা কর্মী এই অভিযোগ করে শেক্সপিয়র সরণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহিলার দাবি, ওই ক্লাবকর্তা একাধিকবার তাঁকে শ্লীলতাহানি করেছেন। বহুবার কাজ করতে ডেকে নানা অছিলায় তাঁর গায়ে হাত দিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিণ কলকাতার এই অভিজাত ক্লাবে অভিযোগকারিণী মহিলা বেশ কয়েকমাস কাজ করছেন। তাঁর অভিযোগ, কাজ শুরুর কয়েক সপ্তাহ পর থেকে ক্লাবের ওই কর্তা তাঁকে নানাভাবে উত্যক্ত করতে শুরু করেন। কখনও গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেন, আবার কখনও চলত গালিগালাজও। বিগত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল।
ওই মহিলা পুলিশকে আরও জানিয়েছেন, কিছুদিন আগে ওই কর্তা তাঁকে সকালে ক্লাবে ডেকে পাঠান। ক্লাবেরই একটি নির্মীয়মাণ অংশ তাকে অপেক্ষা করতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখেন যে ওই কর্তা বসে মদ্যপান করছেন। মহিলার অভিযোগ, তাঁকে দেখেই ওই ব্যক্তি এগিয়ে আসেন এবং গায়ে হাত দেন। ভয় তিনি অন্য কর্মীদের ডাকলে ক্লাবকর্তা সেখান থেকে চলে যান।
ওই ব্যক্তির বিরুদ্ধে ক্লাব কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেননি বলে দাবি করেছেন মহিলা। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবেন। সূত্রের খবর, গত ২০ জুন ওই ক্লাব কর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও এই ঘটনায় কেউই গ্রেফতার হননি।