
প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 April 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। প্রাণ গেল এক মহিলা তথ্যপ্রযুক্তির কর্মীর। শনিবার সকালে সল্টলেকের (Saltlake) ওয়েবেল মোড়ে বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। তরুণীর মাথার ওপর দিয়ে চলে যায় বাস! অল্প সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তরুণীকে।
শনিবার সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি-বারাসত রুটের একটি বাস ওয়েবেল মোড় দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার একপাশ দিয়েই হাঁটছিলেন ওই তরুণী। তাঁকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি। মাথার ওপর দিয়ে চাকা চলে যায় তাঁর। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ট্রাফিক পুলিশ এবং অন্যান্য স্থানীয় লোকজন। রজনী মাহাতো নামে ওই তরুণীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী ধাপা মাঠপুকুরের বাসিন্দা। তাঁর বাড়িতে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। আর ঘাতক বাসটির চালক এবং কন্ডাক্টরকে গ্রেফতারও করেছে পুলিশ। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়।
সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় পথ দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যুর ঘটনা একেবারেই নতুন নয়। দীর্ঘ সময় ধরেই এমন ঘটনা ঘটে চলেছে। আসলে ওই এলাকায় প্রয়োজনের তুলনায় বাস-গাড়ি কম থাকায় অফিসকর্মীদের প্রবল সমস্যা হয়। হাতে-গোনা বাসের দেখা মিললেই তাতে ওঠার চেষ্টা করেন অনেকে। বহু সময়ে বাসও ওভারলোড হয়ে যায়। ফলে দুর্ঘটনা ঘটে।
এছাড়া ওই এলাকার অন্যান্য দু-চাকা বা চারচাকা গাড়িও বেশ গতিতে চলে। ফলে রাস্তা পারাপারও খুব সাবধানে করতে হয়। একটু অসাবধান হলেই যে কোনও সময়ে পথ দুর্ঘটনা ঘটে যেতে পারে। এক্ষেত্রেও তাই হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।