
প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 December 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় ফের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতার তারাতলা এলাকায় এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, ব্রেসবিজ এবং মাঝেরহাট স্টেশনের মাঝের রেললাইনের ধারে দেহটি পড়ে ছিল। বুধবারই মৃতদেহের ময়নাতদন্ত হবে। যদিও এখনও পর্যন্ত মৃতার পরিচয় জানতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধের পর ওই রেললাইন ধরেই হাঁটছিলেন কয়েকজন এলাকার বাসিন্দা। তাঁদের নজরেই আসে ওই মৃতদেহ। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, দেহের আশেপাশে আর কিছু পড়ে থাকতে দেখেননি। শুধু মহিলার গলায় কাটা দাগ লক্ষ্য করেছিলেন। এই কারণেই তাঁর মৃত্যু ঘিরে ধন্দ তৈরি হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু হতে পারে। ধাক্কার কারণেই তিনি অন্তত ৩০ ফুট দূরে ছিটকে পড়েন। কিন্তু মৃতদেহ দেখে মনে হয়েছে মহিলার মৃত্যু অনেকদিন আগেই হয়েছে। এদিকে গলায় কাটা দাগ নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। তাহলে কি কেউ বা কারা তাঁকে খুন করে রেললাইনে ফেলে গেছিল, এই প্রশ্নও উঠেছে।
অনেকে মনে করছেন, আত্মহত্যা করেছেন ওই মহিলা। তাঁর গলায় যে দাগ তা ট্রেনের চাকারই হবে। কিন্তু মৃত্যু কিছুদিন আগে হলে এতদিনে মহিলার মৃতদেহ কারও চোখে পড়ল না কেন, সেই প্রশ্নের উত্তরও মিলছে না। পুলিশ অবশ্য মনে করছে, ময়নাতদন্তের পরই আসল বিষয়টি সামনে আসবে।