
শেষ আপডেট: 24 January 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় বন্ধ ঘর থেকে উদ্ধার হল মহিলার ঝুলন্ত দেহ। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গড়ফার পূর্বাচল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মমতাজ বিবি। তাঁর বাড়ি চাম্পাহাটিতে। সেখানে তাঁর তিন সন্তান রয়েছে। এখানে বাপ্পা দে নামে এক ব্যক্তির সঙ্গে স্ত্রীর পরিচয়ে ভাড়ায় থাকতেন। বাপ্পার বাড়ি কসবা থানা এলাকায়। মমতাজ পরিচারিকার কাজ করতেন। বাপ্পা ওষুধ কোম্পানিতে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাড়িওয়ালা অনেক ডাকাডাকি করেও মমতাজের সাড়া পাননি। এরপর বাড়িওয়ালা সাড়া না পেয়ে ঘরের ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখেন মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন মমতাজ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহিলার লিভ ইন পার্টনার বাপ্পাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন, নাকি আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য আছে সেটাই খতিয়ে দেখছেন গড়ফা থানার পুলিশ আধিকারিকেরা।।