
শেষ আপডেট: 7 October 2023 18:20
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ। পার্টি চলাকালীন মহিলা সহকর্মীকে মদ্যপান করিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিউটাউনের একটি আবাসনের। অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে নিউটাউনের সাপুরজি আবাসনে একটি পার্টি ছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন ওই তরুণী। তাঁর সঙ্গে ছিল অন্যান্য বন্ধুবান্ধবেরাও। অভিযোগ, সাপ্তাহিক ওই পার্টিতে তাঁকে মদ্যপান করানো হয়। এরপরই নেশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। তখন তাঁকে তাঁরই তিন পরিচিত গণধর্ষণ করে বলে অভিযোগ।
এই ঘটনার পর শনিবার সকালে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। এরপরই তরুণীর অভিযোগের ভিত্তিতে ঘটনাটিতে তদন্তে নামে পুলিশ। এদিন সকালেই পুলিশ প্রথমে নিউ টাউন এলাকা থেকেই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করে। আর একজনের খোঁজ পাওয়া যায় এন্টালি এলাকায়। ধৃতরা হল কৃষ্ণলাল রায়, জয়কিম এবং রাহুল সরকার। তিনজনই পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। তিন অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশি সূত্রের খবর, পার্টিতে তরুণীর সঙ্গেই ছিলেন তিন অভিযুক্ত যুবক। এছাড়া নির্যাতিতা তরুণী এবং ধৃতরা একই সংস্থার কর্মী। প্রত্যেকে একে অপরের পূর্বপরিচিত। চেনা পরিচিতির সুবাদেই এদিনে পার্টিতে এসেছিলেন তারা। এরপর সুযোগ বুঝে তিন যুবক তাঁকে গণধর্ষণ করে বলেই অভিযোগ নির্যাতিতার।