
কসবায় অবরোধে সুশান্ত ঘোষের অনুগামীরা।
শেষ আপডেট: 15 November 2024 22:05
দ্য ওয়াল ব্যুরো: ক্ষোভে ফুঁসছে কসবা। ওয়ার্ডের মধ্যে ঢুকে দলীয় কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় অপরাধীর পরিচয় জানতে চেয়ে সন্ধে সাড়ে আটটা থেকে অ্যক্রোপলিস মলের কাছে রাজডাঙা রোড ঘিরে অবরোধ শুরু করেছেন সুশান্ত ঘোষের অনুগামীরা।
তাদের বক্তব্য, ঘটনায় দ্বিতীয় অভিযুক্তকে দ্রুত ধরতে হবে এবং ঘটনার নেপথ্যে কে রয়েছে তা প্রকাশ্যে আনতে হবে পুলিশকে। তবেই অবরোধ উঠবে।
অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষও বলেন, "আমাকে মারার জন্য কে কন্ট্রাক্ট কিলার পাঠিয়েছিল, সেটা সকলে জানতে চান।"
শুক্রবার রাত ৮টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে কসবায় ১০৭ নম্বর ওয়ার্ডের রাজডাঙা এলাকায়। এদিন সন্ধেয় বাড়ির সামনে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়। ঘটনায় একজন দুষ্কৃতীকে পিছু ধাওয়া করে ধরেও ফেলেন স্থানীয়রা।
পরে অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্তকে ধরেছে পুলিশ। ধৃতকে জেরা করে অপর দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
কে এই অভিযুক্ত? জানা যাচ্ছে, বছর ১৬র এই অভিযুক্তর বাড়ি ভিনরাজ্যে। হিন্দিভাষী ওই নাবালক ধরা পড়ার পর জানায়, "আমাকে মহম্মদ ইকবাল পাঠিয়েছিল। কাকে মারতে হবে তার ছবি সঙ্গে দিয়েছিল। এর বেশি কিছু জানি না।"
ঘটনার নেপথ্যে দলেরই একাংশ যুক্ত থাকতে পারে বলে মত সুশান্তর অনুগামীদের। তাৎপর্যপূর্ণভাবে ঘটনার নেপথ্যে বিরোধীদের দোষারোপ করেননি তৃণমূল কাউন্সিলর। বরং তিনি বলেছেন, "না জেনে কেন বিরোধীদের দোষারোপ করব? আমি ভীত নই, তবে যেভাবে নিজের ওয়ার্ডে আমাকে আক্রমণ করা হল, তাতে আমি ব্যথিত। আগামীদিনে কাউন্সিলর থাকব কি না, সেটা সময় বলবে।"
গুলি কাণ্ডের প্রতিবাদে কসবায় পথ অবরোধ শুরু করেছেন স্থানীয়রা। ঘটনার জেরে অবরুদ্ধ ইএম বাইপাসও।