কলকাতা মেট্রো
শেষ আপডেট: 23 November 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: কবে শেষ হবে পার্পল লাইনের কাজ? এ নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। বিভিন্ন সূত্র মারফত একাধিক খবর এলেও তা বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার সেই দিনক্ষণ জানা গেল।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আর মাত্র মেরেকেটে চার থেকে সাড়ে চার বছরের অপেক্ষা। তারপরই পুরো দমে চালু হয়ে যাবে কলকাতা মেট্রো রেলের পার্পল লাইন। সূত্রের খবর, এই অংশে মোট ১৪ কিলোমিটার পথ রয়েছে। সব কিছু ঠিক থাকলে সেই পথের নির্মাণকাজ ২০২৮ সালের শেষ অথবা ২০২৯ সালের প্রথম দিকেই শেষ হয়ে যাবে।
জানা গিয়েছে, মেট্রোর পার্পল লাইন তৈরির জন্য আগামী ডিসেম্বর মাস থেকেই কলকাতায় আসবে টানেল বোরিং মেশিনগুলি। জার্মানির একটি সংস্থা এই মেশিন তৈরি করছে এবং সেগুলি চেন্নাই শহরে অ্যাসেম্বেলের কাজ চলছে।
কলকাতায় মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, পার্পল লাইনের জন্য মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের একাংশের নির্মাণকাজও শুরু করে দেওয়া হয়েছে। ওই এলাকা থেকে এল-২০ বাস স্ট্যান্ডটিও অন্যত্র সরানোর জন্য আলোচনা শুরু করেছেন। সেটিকে কার্জন পার্কে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই টিবিএম-গুলি কাজ করা শুরু করে দেবে।’
মেট্রোর এই কাজ নিয়ে জটিলতা কম হয়নি। তবে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্থানীয় বিধান চন্দ্র রায় মার্কেটটি অন্যত্র সরানোর ছাড়পত্র মিলতেই সবকিছু জট কেটে যায় বলে খবর। এসপ্ল্যানেড চত্বরের এই মার্কেট ঠিক যেখানে বর্তমানে অবস্থিত, সেখানেই প্রস্তাবিত মেট্রো প্রকল্পের স্টেশন তৈরি করা হবে। অন্যদিকে, মাটির নীচে মোমিনপুর-এসপ্ল্যানেড রুটে মেট্রোর কাজ পুরো দমে চলছে বলে খবর।