
ফাইল ছবি
শেষ আপডেট: 25 October 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিকেলে স্বরাষ্ট্র দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দু’দিনের সফরসূচি পরিষ্কার জানিয়ে দিয়েছে। তবে আশ্চর্যজনকভাবে তালিকায় চোখ রাখলে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি আগ্রহ, সে বিষয়ে কোনও উল্লেখই নেই।
গত বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিনের দিন শুভেচ্ছা জানানোর পাশাপাশি অমিত শাহকে একবার দেখা করার আর্জি জানিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা।
অভয়ার বাবা চিঠিতে জানিয়েছিলেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা। কিন্তু শনিবার রাতে শাহ কলকাতায় এলে তিনি সোদপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন কি না তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
শুক্রবার বিকেলে অমিত শাহের দফতর থেকে যে চিঠিটি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, শনিবার ১০ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে সোজা পৌঁছে যাবেন সল্টলেকের একটি অভিজাত হোটেলে। শনিবার সেখানেই রাত্রিবাসের কথা রয়েছে তাঁর।
রবিবার সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সকাল ১০ টা ৪০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ভারতীয় সেনার হেলিকপ্টারে চড়ে কল্যাণী পৌঁছবেন তিনি। সকাল ১১ টা ১৫ নাগাদ কল্যাণীতে একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এরপর সেখান থেকে সোজা সড়কপথে পৌঁছে যাবেন কল্যাণীতেই যাত্রীদের সুবিধার্থে তৈরি ‘মাতৃদ্বার’ উদ্বোধন করতে। দুপুর ১২ টা ১৫ নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছনর কথা।
অনুষ্ঠান সেরে হেলিকপ্টারে চেপে দুপুর ১ টা নাগাদ হুগলির আরামবাগে পৌঁছে একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের। দুপুর দুটো অবধি সেই বৈঠক চলবে। দুপুরের খাওয়াদাওয়া সেরে ৩ টে ১৫ নাগাদ কলকাতা ফিরে সোজা পৌঁছে যাবেন সল্টলেকের ইজেডসিসিতে। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর কলকাতা থেকে ৬ টা ৫-এর বিমানে চেপে রাত ৮ টা ৮৫ নাগাদ দিল্লির ৬ এ, কৃষ্ণ মেনন মার্গের বাসভবনে পৌঁছবেন তিনি।
আগামী মাসে রাজ্যের ছ'টি বিধানসভা আসনে উপ-নির্বাচন। তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে অমিত শাহের বঙ্গ সফর যে গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। তবে রবিবারই সোদপুরে গিয়ে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন কী না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। সফরসূচীতে ঠাসা কর্মসূচির মধ্যেও সময় বের করে অমিত শাহ সেই সাক্ষাৎ করেন কী না সেদিকে নজর থাকবে।
প্রথমে ঠিক ছিল গত ২৪ অক্টোবর, বৃহস্পতিবারই অমিত শাহ বাংলায় আসছেন। ঘূর্ণিঝড় 'দানা'র জেরে একেবারে শেষ মুহূর্তে বাতিল হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল শনিবার রাতেই কলকাতায় আসছেন শাহ।