
শেষ আপডেট: 6 October 2023 17:41
দ্য ওয়াল ব্যুরা: ব্যস্ততার জীবনে হয়তো কোণঠাসা হয়ে পড়েছে সে। তবু কলকাতার সঙ্গে তার সম্পর্ক বহু পুরনো। আজও মহানগরের ঐতিহ্য বহন করে চলেছে ট্রাম। আর এবার সেই ট্রামেরই ১৫০ বছর পূর্তি। তাই সেই প্রেক্ষিতে এবং দুর্গাপুজোয় ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষ্যে পুজোর মরশুমে শহরে চলবে বিশেষ ট্রাম। পুজো পরিক্রমায় ট্রামকে শহরবাসীর সঙ্গী করার উদ্যোগ নিয়েছে পরিবহণ নিগম। আর সাজানো সেই ট্রামে চেপেই এবার পুজো পরিক্রমা করতে পারবেন শহরবাসী।
তড়িঘড়ি গন্তব্যে পৌঁছাতে যেখানে আজকাল বাস-অটো-হলুদ ট্যাক্সিকে ছাপিয়ে জায়গা দখল করেছে ওলা, উবের, সেখানে কলকাতার রাস্তায় ট্রামের সফর প্রায় ভুলতে চলেছে বর্তমান প্রজন্ম। তবে আজও কলকাতা শহরের সঙ্গেই যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ট্রামের নাম। তাই উসবের মুরশুমে এবার ট্রাম চলার খবরে বেশ উৎসাহিত শহরবাসী। টালিগঞ্জ থেকে শুরু করে বিশেষ ট্রামের যাত্রাপথ শেষ হবে বালিগঞ্জ ডিপোতে। যার ফলে দক্ষিণের বেশ অনেক ঠাকুরই দেখতে পারবেন নগরবাসী। তবে রুট জানা গেলেও এই ট্রামের ভাড়া কী হবে তা জানা যায়নি। কবে থেকে এই ট্রাম যাত্রা শুরু হবে, তাও পরিবহণ দফতরের তরফে জানানো হয়নি।
উৎসবের দিনগুলির জন্য ট্রামটিকে নতুনভাবে সাজানো হয়েছে। যার জন্য প্রথম বগির দেওয়ালে আঁকা হয়েছে কুমোরটুলির পরিবেশ, দুর্গামূর্তি, ধুনুচি নাচের ছবি। কলকাতার নানা ঐতিহ্য এবং সংস্কৃতির চিত্র ট্রামের দ্বিতীয় বগির দেওয়ালে রঙের আকিবুঁকিতে ফুটিয়ে তোলা হয়েছে । চোখ ধাঁধানো আলোয় যা সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রতিটি বগিতে দেওয়া রয়েছে শহরের পুরনো দিনের বাড়ির সুন্দর আল্পনা। এছাড়াও রয়েছে বনেদি বাড়ির মতো বেতের বিভিন্ন আসবাবপত্র। এককথায় বেশ বিলাসবহুলভাবে সাজানো হয়েছে ট্রামের বগিগুলি। এই রঙের খেলায় বিশেষ সহযেগিতা করেছে ‘এশিয়ান পেন্টস’।
ট্রাম নিয়ে পরিবহণ দফতরের উদ্যোগ শহরবাসীর পছন্দ হবে বলে জানিয়েছেন রাজ্যের ‘ট্রান্সপোর্ট কর্পোরেশন’-এর চেয়ারম্যান মদন মিত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কলকাতা ট্রামের ১৫০ বছর উপলক্ষে এই উদ্যোগ। পুজোর আবহে পুরনো দিনে ফিরে যেতে পারবে সকলে। ফলে উৎসবের উদ্যাপনও একটা অন্য মাত্রা পাবে।’’