
ফাইল চিত্র
শেষ আপডেট: 22 December 2024 08:58
দ্য ওয়াল ব্যুরো: শনিবার দিনভর টিপটিপ বৃষ্টি হলেও রোদ ঝলমলে আকাশ রবিবার সকাল থেকেই। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি ও দমকা হাওয়ার ফলে শীত অনুভূত হলেও, এটা ক্ষণস্থায়ী। আদতে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা।
শনিবার ছিল মরসুমের সবচেয়ে ছোট দিন। যার সাক্ষী থাকল কলকাতা-সহ গোটা দেশ। শনিবার কলকাতায় সূর্যোদয় হয় সকাল ৬টা ১২ মিনিটে। সূর্যাস্ত হয়েছে বিকেল ৪টে ৫৮মিনিটে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ ডিসেম্বর ছিল মরসুমের সবচেয়ে ছোট দিন। কলকাতার দিন ছিল ১০ ঘণ্টা ৪৬ মিনিটের।
সেই শনিবারই দিনভর নাজেহাল হন নিত্যযাত্রীরা। রাতের দিকে দমকা হাওয়ায় কনকনে ঠান্ডা অনূভূত হয়েছে রাজ্যের প্রায় সর্বত্র।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার দাপট রয়েছে। ফলে রাজ্যে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ৪.১ ডিগ্রি বেশি। বৃষ্টির জন্য শীত অনুভূত হলেও এটা ক্ষণস্থায়ী। তাপমাত্রা বাড়বে রাজ্যে। ফলে বড়দিনে শীতের আমেজ পাওয়া যাবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
শনিবার সন্ধের পর বেশিরভাগ জায়গাতেই আর বৃষ্টি হয়নি। রবিবার সারাদিন কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনাও নেই। রবিবার পারদ খানিকটা নামবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আলিপুর জানিয়েছেন, রবিবার বৃষ্টি না হলেও দিনভর বাংলার প্রায় সর্বত্র থাকবে কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। ফলে দৃশ্যমানতা কমবে।
রবিবারের পর আকাশ পরিষ্কার থাকবে। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে পাহাড়ি এলাকায় বৃষ্টি এবং তুষারপাত হতে পারে । সেই ঝঞ্ঝা সরে গেলে ফের রাজ্যে সক্রিয় হবে শীত।
২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রায় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই অর্থাৎ বড়দিনে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা পাওয়া যাবে না।