
শেষ আপডেট: 10 November 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে বঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই আর্দ্রতা কমতে শুরু করেছে। শীত আসছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই ভোরের দিকে হালকা ঠান্ডা লাগছে বেশ কিছু জেলায়। চলতি মাসের ১৫-১৬ তারিখ থেকে শীতের আমেজ ভাল মতো বোঝা যাবে বলে জানাচ্ছে আলিপুর। আজ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই জেলাতেও।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে যেতে পারে। এর ফলে সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একটি সিস্টেম রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বাংলা ও ওড়িশায়।
নভেম্বরের ১৫ তারিখ থেকে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। তবে, সেক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রায় তেমন পরিবর্তন এখনই দেখা যাবে না। তবে, দক্ষিণবঙ্গের সব জেলার মতো পশ্চিমের জেলাগুলিতেও শীতের আমেজ থাকবে।
দার্জিলিং ও কালিম্পঙে আজ ও আগামী এক দু'দিন হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। তবে, বৃষ্টির পরিমাণ খুব সামান্য। সম্ভাবনাও কমই। এছাড়া উত্তরবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই রবিবার ও সোমবার। শুধু দুই দিনাজপুর ও মালদায় ভোরে কুয়াশা দেখা দিতে পারে। বুধবার দার্জিলিং ও কালিম্পঙের সঙ্গে জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে। শুক্রবারের পর থেকে কালিম্পঙে বৃষ্টি কমলেও দার্জিলিঙে বৃষ্টি চলবে।
যাদের দার্জিলিঙে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারা সোমবার পর্যন্ত পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে, তজলীয় বাষ্প থাকায় ধোঁয়াশা হবে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৫ শতাংশ।