
গঙ্গাসাগর মেলা
শেষ আপডেট: 14 December 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: সামনেই গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের ঢল সামাল দিতে রীতিমতো নাকানি-চোবানি খেতে হয় প্রশাসনকে। এবার পরিস্থিতি একটু আলাদা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ভিড় সামাল দিতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে পরিবহণ দফতর।
গত কয়েক বছরের তুলনায় এ বার গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জেলা প্রশাসনের অনুমান। সে কথা মাথায় রেখে ২০২৫ সালের গঙ্গাসাগর মেলার পরিবহণ ব্যবস্থার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না পরিবহণ দফতর।
গতবারের যে পরিমাণ বাস, ভেসেল, লঞ্চের ব্যবস্থা ছিল, এবার সে তুলনায় ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের জন্য সংখ্যাটা বাড়ানো হচ্ছে।
তাছাড়া হাওড়া, বাবুঘাট ও ধর্মতলা থেকে একটি টিকিটেই সাগরের কচুবেড়িয়াতে পৌঁছে যেতে পারবেন পুণ্যার্থীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভেসেল ধরার জন্য আর টিকিট কাটতে হবে না পুণ্যার্থীদের।
বাড়ানো হবে সরকারি, বেসরকারি বাসের সংখ্যাও। পরিবহণ দফতর সূত্রে খবর, শুক্রবার দুপুরে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শনের পাশাপাশি মেলা প্রাঙ্গণের পার্কিং স্পেস এবং কপিল মুনির মন্দির লাগোয়া রাস্তাও ঘুরে দেখেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রস্তুতি বৈঠকও সারেন মেলা অফিসে।
বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা-সহ পরিবহণ দফতরের আধিকারিকরা। পাশাপাশি ডাকা হয়েছিল বেসরকারি বাস মালিক সংগঠন, ভেসেল ও লঞ্চের কর্মচারীদেরও।