
ফাইল ছবি
শেষ আপডেট: 5 August 2024 09:17
দ্য ওয়াল ব্যুরো: পরিকল্পনা ছিল বহুদিনের। এবার বাস্তবায়িত হতে চলেছে বাস, ট্রাম, লঞ্চে একটি কার্ডেই সফরের সুযোগ। দুর্গাপুজোর আগেই চালু হতে চলেছে ‘এক রাজ্য এক কার্ড’ প্রকল্প। রাজ্য পরিবহন দফতর সূত্রে এমনটাই খবর।
ঠিক কী এই পরিষেবা? কলকাতার ট্রাম-বাস থেকে শিলিগুড়ি-দার্জিলিংয়ের সরকারি বাস। আবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস থেকে ফেরি সহ নিগমের গাড়ি-ভেসেলে একটি কার্ড ব্যবহার করে টিকিট কাটার সুবিধা পাবেন যাত্রীরা। আলাদা করে সব ক্ষেত্রে টিকিট কাটার প্রয়োজন হবে না।
রাজ্যের তিনটি সরকারি নিগমের ৩,০৫৭টি বাসে এই ব্যবস্থা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভাড়া সংগ্রহের ব্যবস্থা থাকবে। এই ব্যবস্থায় যাত্রীরা যে কোনও জায়গা থেকে যে কোনও সময় অনলাইনে টিকিট রিজার্ভেশন করতে পারবেন। যাত্রীদের জন্য থাকছে মাল্টি পেমেন্ট সুবিধা সহ একটি ওয়েবভিত্তিক রিজার্ভেশন পোর্টালও। যেখানে ডেবিট অথবা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, কিউআর কোড ভিত্তিক পেমেন্ট করা যাবে। এমনকী অত্যাধুনিক এই ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারেরও সুযোগ রয়েছে।
এছাড়া, সার্চ ফিচারে থাকবে মাল্টি সিটি বুকিং এবং রাউন্ড ট্রিপ বুকিংয় করতে পারবেন যাত্রীরা। ট্রেনের মতোই এই কার্ডে রিজার্ভেশন ভিত্তিক আসন নির্বাচন এবং বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে। সংশ্লিষ্ট ব্যবস্থায় সম্পূর্ণ বা আংশিক টিকিট বাতিল হলে ভাড়ার টাকা ফেরত দেওয়া হবে। অভিন্ন এই কার্ডে গোটা বাংলায় স্বল্প দূরত্ব ও দূরপাল্লার যানবাহনে ভ্রমণেরও সুযোগ মিলবে।
ইউরোপের বহু শহরে এক কার্ডেই সব গণপরিবহণে চড়া যায়।কলকাতাতেও ওই ব্যবস্থা চালু হলে যাত্রীরা সমস্ত সরকারি গণপরিবহনের জন্য বার বার টিকিট কাটার সমস্যা থেকে রেহাই পাবেন। মিটবে খুচরোর সমস্যাও। একইসঙ্গে অভিন্ন কার্ড চালু হলে গণপরিবহনে টিকিট ফাঁকি দিয়ে যাতায়াতের প্রবণতা আটকানো যাবে বলে মত পরিবহণ কর্তাদের একাংশ।