.jpeg)
ব্রাত্য বসু
শেষ আপডেট: 10 April 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারা শিক্ষকরা (SSC Deprived Teachers) সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষায় থাকুন। রাজ্য জুড়ে আন্দোলনের আবহেই হঠাৎ বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)।
চাকরিহারাদের একাংশ যখন লাগাতার তাঁদের আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে, সেই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর এহেন বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তা কতটা সদর্থক সে বিষয়ে জানা যাবে শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারা ও ব্রাত্যের বৈঠকের পর।
পর্যবেক্ষকদের মতে ওই বৈঠকে অনেক বিষয়ই হয়তো উঠে আসতে পারে যা এই পরিস্থিতিতে ভাল-খারাপ দুই হতে পারে। তবে সবটাই নির্ভর করছে দু’পক্ষের আলোচনার উপর। সমাধানের পথ বের হয় কিনা তার উপর।
ব্রাত্য বলছেন, অন্তত শুক্রবার পর্যন্ত যেন চাকরিহারারা ধৈর্য ধরেন। তাঁর মতে একদিকে ধ্বংসাত্মক আন্দোলন অন্যদিকে বৈঠক— এটা হয়ে পারে না। বস্তুত, বৈঠকের আগে ওইদিন এসএসসি অভিযান করবেন একদল চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। তারপর সেখান থেকে তাঁরা বিকাশ ভবনে উদ্দেশে রওনা দেবেন।
এসএসসির দুর্নীতি (SSC Scam) মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। যা নিয়ে শহর তথা গোটা রাজ্য তোলপাড়।
এবার নিজেদের সমস্যার কথা জানাতে দিল্লির যন্তরমন্তরের সামনে অনশনে বসার পরিকল্পনা করছেন চাকরিচ্যুতরা (SSC Job Deprived)।