
মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে শহরে মিছিল
শেষ আপডেট: 11 December 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগের দাবিতে ফের কলকাতার রাস্তায় মিছিল হল। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নবান্ন পর্যন্ত মিছিল করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দ। মিছিলের পর পাঁচ জনের প্রতিনিধি দল নবান্নে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছে।
আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও দেখা যায়। চাকরিপ্রার্থীদের মূল দাবি, মুখ্যমন্ত্রী ১০ লক্ষ শূন্যপদের ঘোষণা করেছিলেন। তার মধ্যে আপার প্রাইমারিতে কমপক্ষে ৫০ হাজার সিটে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে হবে। বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে এগুলি সংযুক্ত করতে হবে। গোটা প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, কমিশন বলেছিল যেদিন ইন্টারভিউ হবে তার ১৫ দিন আগে পর্যন্ত সব সিট আপডেট করে নিয়োগ করা হবে। ২০১৪ সালের পর ১১ বছর কেটে গেলেও কোনও নিয়োগ হয়নি। তাঁদের দাবি, সমস্ত সিট আপডেট করে সকল টেট পাশ ট্রেণ্ড প্রার্থীদের নিয়োগ করতে হবে। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা এই দাবিতে ৯০০ দিন ধরে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান করছেন।
কমিশনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, ২০১৪ সালের পর অনেক স্কুল বেড়েছে, কেউ অবসর নিয়েছেন। সেই প্রেক্ষিতে সিট আপডেট হওয়ার কথা। কিন্তু সেই সিট আপডেট করা হয়নি। তাঁদের বক্তব্য, ২০১৬ সালের পরে আর কোনও পরীক্ষাই হয়নি আপার প্রাইমারির জন্য। পরীক্ষা হলে তাঁদের কেউ বসে থাকত না।
তাঁরা জানাচ্ছেন, তাঁদের পরিবারের লোক ভেঙে পড়েছেন। কারণ দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন তাঁরা। অনেক সহকর্মী অবসাদে মারা গেছেন বলেও জানিয়েছেন তাঁরা। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে আর্জি জানানো হচ্ছে দ্রুত নিয়োগের জন্য।