
সুদর্শনা মুখোপাধ্যায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তি (ডানদিকে)
শেষ আপডেট: 21 November 2024 22:48
দ্য ওয়াল ব্যুরো: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় এখনও হাওয়া গরম। এরই মধ্যে অন্য এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় ব্যক্তি! স্বাভাবিকভাবেই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শহরের নিরাপত্তা নিয়ে ফের উঠেছে প্রশ্ন।
বৃহস্পতিবার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ির তিনতলায় ঢুকে পড়ে এক ব্যক্তি। দুপুর তিনটের কিছু পর জিন্স ও সাদা শার্ট পরে কাউন্সিলরের বাড়িতে আসে সে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ওই ব্যক্তিকে। কী কারণে এই ব্যক্তি এসেছিল তা জানা নেই কাউন্সিলরের। তিনি আতঙ্কিত এই ঘটনায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কমপক্ষে তিনবার বাড়িতে ঢুকেছিল ওই দুষ্কৃতী। প্রথমে একতলায় উঠে বেরিয়ে যায়। এরপর দু'বার এসে প্রথমে দোতলায়, তারপর তিনতলায় যায়। তখনই তাকে দেখে ফেলেন বাড়ির পরিচারিকা। দ্রুত খবর দেন পুলিশে। তারপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কী কারণে সে বাড়িতে ঢুকেছিল, কাউন্সিলরকে সে ব্যক্তিগতভাবে চেনে কিনা, তার উদ্দেশ্য কী ছিল, সব জানার চেষ্টায় পুলিশ।
ক'দিন আগেই ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির বাইরে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল। খুন করার চেষ্টা ব্যর্থ হয় বন্দুক না চলায়। সেই ঘটনার আতঙ্কের রেশ এখনও আছে। ঘটনায় ইতিমধ্যে দুজন গ্রেফতার হয়েছে, বাকি অভিযুক্ত পলাতক। সুশান্তের ঘটনার মাত্র কয়েকদিন দিনের মধ্যে ফের এমন এক ঘটনা সত্যিই উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।
তৃণমূল কাউন্সিলর সংবাদমাধ্যমে জানিয়েছেন, যে সময়ে ব্যক্তি বাড়িতে ঢুকেছিল সেই সময়ে তিনি মূলত একাই বাড়ি ফেরেন। কেউ সঙ্গে থাকে না। তাহলে কি তাঁকেও মারার ছক করা হয়েছিল? আতঙ্ক কাটছে না সুদর্শনা মুখোপাধ্যায়ের। তাঁর কথায়, পুলিশ মনে করছে ব্যক্তি পাতাখোর বা গাঁজাখোর হবে। কিন্তু তা মানতে চাইছেন না তিনি। সুদর্শনা জানান, ব্যক্তি দামি জামা-জুতো পরেছিল। দেখে কখনই নেশাখোর মনে হয়নি।