রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) ছেলের পিএইচডি-র ভর্তিতে কারচুপির অভিযোগ তুললেন আইন বিশ্ববিদ্যালয়ের (Law University) পড়ুয়ারা।

মলয় ঘটক ও চন্দ্রিমা ভট্টাচার্য
শেষ আপডেট: 20 September 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) ছেলের পিএইচডি-র ভর্তিতে কারচুপির অভিযোগ তুললেন আইন বিশ্ববিদ্যালয়ের (Law University) পড়ুয়ারা। ঘটনায় উপাচার্যের (VC) পদত্যাগের দাবিতে খোদ আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) এবং সুপ্রিম কোর্টের (SC Justice) বিচারপতি দীপঙ্কর দত্তকে আটকে রাখলেন ছাত্র-ছাত্রীরা।
শনিবার সকাল থেকেই বেলেঘাটার আইন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। বিশ্ববিদ্যালয়ের জেনারেল কাউন্সেলিংয়ের মিটিং চলাকালীনই বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। সেই সময় সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁদের সামনেই শুরু হয় আন্দোলন।
অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্নীতিগ্রস্ত। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে, যা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সেই কারণেই ছাত্রছাত্রীরা একবাক্যে দাবি তুলেছেন, অবিলম্বে ভিসিকে পদত্যাগ করতে হবে।
বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে ঘেরাও করেন উপাচার্যকে। হাতে পোস্টার, তাতে স্পষ্ট লেখা, “এই ভিসিকে মানি না, মানব না।” কেউ আবার মোবাইল স্ক্রিনে বড় অক্ষরে “Remove VC” লিখে তা দেখিয়ে আন্দোলনে শামিল হন।
যদিও এত কিছুর পরও আন্দোলনকারীদের মধ্যে কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। তবে তাদের অবস্থান স্পষ্ট, ভিসি পদে থাকা একেবারেই মেনে নেবেন না।