
সুদীপ বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 7 June 2024 19:53
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের চিঠি ঘিরে শোরগোল কলকাতা পুরসভায়। বিষয়টি নিয়ে উত্তর কলকাতায় তৃণমূলের অন্দরেও জোর চর্চা শুরু হয়েছে।
শুক্রবার কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায় কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করতে চেয়ে মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি পাঠিয়েছেন।
সূত্রের খবর, এবারের ভোটে তাঁর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যয়া মাত্র ২১৭টি ভোটে লিড পেয়েছেন। চিঠিতে বিজয় লিখেছেন, 'সুদীপদাকে বেশি লিড দিতে পারিনি। তাই কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করতে চেয়ে এই চিঠি।'
এবারের লোকসভা ভোটে উত্তর কলকাতা আসনটি তৃণমূলের কাছে মানরক্ষারও ছিল। ভোটের মুখে বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন উত্তর কলকাতার প্রবীণ তৃণমূল নেতা তাপস রায়। শুধু তাই নয়, তাপসকে বিজেপি উত্তর কলকাতা থেকে প্রার্থীও করে।
তাপস উত্তর কলকাতার দাপুটে নেতা হিসেবে পরিচিত। ভোটের মুখে তিনি দল বদলানোয় উত্তর কলকাতায় তার প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছিল দলের অন্দরেই। কারণ, সুদীপকে নিয়ে এলাকার কিছু কর্মীর মধ্যেও ক্ষোভ ছিল। তাঁদের একাংশ গোপনে তাপসকে সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছিল।
এরপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত করতে উত্তর কলকাতা লোকসভার অধীনে থাকা প্রতিটি পুরসভা এলাকার কাউন্সিলর এবং দলীয় নেতৃত্বকে বিপুল লিডের জন্য দলের তরফে চিঠি দেওয়া হয়েছিল। ফল প্রকাশের পর দেখা যায়, ৯২ হাজার ৫৬০ ভোটে উত্তর কলকাতা থেকে জয়ী হয়েছেন সুদীপ।
ঘনিষ্ঠ মহলে বিজয় উপাধ্যায় জানিয়েছেন, 'দল প্রতিটি ওয়ার্ড থেকে যতটা সম্ভব লিডের নির্দেশ দিয়েছিল। আমার মনে হয়েছে, আমি দলের সেই নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছি। তাই কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করতে চেয়ে মেয়রকে চিঠি দিয়েছি।'
সূত্রের খবর, বিজয়ের এমন চিঠির জেরে চাপ বেড়েছে সেই সব কাউন্সিলর বা ওয়ার্ড নেতৃত্বর, যেখানে সুদীপ লিড পাননি। এখন দেখার, দলের নির্দেশ পূরণে ব্য়র্থ বাকিরা বিজয়ের পথ অনুসরণ করেন কিনা।