
শেষ আপডেট: 14 December 2023 10:50
দ্য ওয়াল ব্যুরো: ভেজাল এখন কোথায় নেই? খাবারে আর সেই পুষ্টিগুণ কোথায়! এখন তো তেলেও ভেজাল আর দুধেও ভেজাল। ডিমও আসল নাকি প্লাস্টিকের তা বোঝা দায়। কিন্তু ভয় ধরিয়ে দেওয়ার মতো তথ্য দিয়েছেন একদল বাঙালি কৃষিবিজ্ঞানী। তাঁদের দাবি, আমরা রোজ যে ভাত বা রুটি খাচ্ছি, তাও নাকি পুষ্টিগুণে ভরা নয়। বরং ধান ও গমেই থাকছে এমন বিষ যা রিফাইন হওয়ার পরেও যাচ্ছে না। এই বিষাক্ত উপাদান রোজের খাবারের সঙ্গেই ঢুকছে পেটে এবং পরবর্তীতে নানা জটিল ও মারণ রোগের কারণ হয়ে উঠছে।
মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের বিজ্ঞানী বিশ্বপতি মণ্ডল বলেছেন, ১৯৬০ সালে ধান-গমে যে পুষ্টিগুণ ছিল, ২০০০ সাল থেকে তা উধাও হতে বসেছে। আর এখন পুষ্টিগুণ কম বরং বিষাক্ত উপাদান বেশি। ছয়ের দশক থেকে ধান ও গমে পুষ্টিগুণের মাত্রা প্রায় ৪৫ শতাংশ কমে গেছে। কাজেই আমাদের বাবা-ঠাকুর্দারা যে ভাত-রুটি খেতেন তা ছিল অনেক বেশি পুষ্টিকর, কিন্তু এখনকার প্রজন্ম যে খাবার খাচ্ছে তা শরীরের জন্য বিষ।
ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) এই বিষয়ে একটি রিপোর্ট দিয়েছিল। কৃষিবিজ্ঞানীরা বলেছিলেন, ২০১০ সালের পর থেকে দেখা গেছে ধান বা গমে ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক-সহ প্রয়োজনীয় উপাদানগুলির ঘনত্ব মাত্রাতিরিক্ত কম। অথচ ক্যালসিয়াম লাগে হাড়ের স্বাস্থ্যের জন্য, আয়রন হিমোগ্লোবিনের জন্য আর জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই স্বাস্থ্য-বান্ধব খনিজগুলো না থাকলে বা এদের মাত্রা কমে গেলে যা খাবারই খাওয়া হোক না কেন আখেরে কোনও লাভ হবে না।
বাঙালি বিজ্ঞানীদের গবেষণা বলছে, ২০১০-এর দশকে চাষ করা গমে ক্যালসিয়ামের মাত্রা ৫০ বছর আগের তুলনায় ৩০ শতাংশ কম, আয়রনের মাত্রা ১৯ শতাংশ এবং জিঙ্কের মাত্রা ২৭ শতাংশ কম। ছয়ের দশকের তুলনায় ধানে প্রায় ১৬ গুণ বেশি আর্সেনিক এবং ৪ গুণ বেশি ক্রোমিয়াম রয়েছে। প্রতিদিন ভাতের সঙ্গে আমাদের পেটে বিষই ঢুকছে।
ভাত, রুটি, চিঁড়ে, খই, মুড়ি— আর্সেনিক বিষ ছড়িয়ে সব কিছুতেই। আর তা ছড়াচ্ছে একেবারে গোড়া থেকেই। চাষের কাজে ভূগর্ভস্থ আর্সেনিক যুক্ত জল ব্যবহার করা হচ্ছে, ফলন বাড়াতে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের প্রয়োগ হচ্ছে, কৃত্রিম উপায়ে দ্রুত ফলন বাড়ানোর জন্য এমন রাসায়নিক ব্যবহার করা হচ্ছে যা শস্যদানায় বিষের মাত্রা বাড়াচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী এক জন পূর্ণবয়স্ক মানুষের শরীরের প্রতি কেজি ওজনে দুই মাইক্রোগ্রাম আর্সেনিক থাকাটা স্বাভাবিক। কিন্তু সংগৃহীত চালের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, গড়ে প্রতি কেজি চালে একশো পাঁচ মাইক্রোগ্রাম আর্সেনিক রয়েছে। আবার কোনও চালের নমুনায় প্রতি কেজিতে ন্যূনতম চুরানব্বই মাইক্রোগ্রাম, কোনওটিতে আবার প্রতি কেজিতে সর্বোচ্চ একশো বাষট্টি মাইক্রোগ্রাম আর্সেনিকও পাওয়া গেছে। গমের ক্ষেত্রেও গড়ে প্রতি কেজিতে পাওয়া গেছে ছিয়াশি মাইক্রোগ্রাম আর্সেনিক। আর্সেনিকের যে বিভিন্ন ধরন রয়েছে তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক ‘আর্সেনিক-থ্রি’--যাকে সাধারণভাবে আর্সেনাইড বলা হয়। এখনকার যে চাল ও গম বাজারে বিক্রি হয় তার বেশিরভাগের মধ্যেই এই আর্সেনাইড পাওয়া গেছে। হার্টের রোগ, কিডনির অসুখ, ফুসফুসের জটিল অসুখ, নানা ধরনের ক্যানসারের কারণ এই আর্সেনাইড। এমনকী বিষাক্ত উপাদানযুক্ত খাবার খেলে জটিল স্নায়ুর রোগ বাড়ার সম্ভাবনাও দেখছেন বিজ্ঞানীরা।