
স্বরূপ বিশ্বাস
শেষ আপডেট: 15 September 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই টলিউডের ৬০ শতাংশ পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন। এবার মানহানির অভিযোগ তুলে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসকে নোটিস টলিপাড়ার পরিচালকদের।
ডিরেক্টর্স গিল্ডের প্রেসিডেন্ট সুব্রত সেন নোটিসের সত্যতা স্বীকার করে জানান, সংগঠনের কয়েকজন সদস্যের পক্ষ থেকে নোটিসটি পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ৬৩ জন পরিচালক এক হয়ে স্বরূপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন। অভিযোগকারী পরিচালকদের তালিকা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিচালকদের তরফে আইনজীবী সৌমাভ মুখোপাধ্যায় আইনি লড়াই লড়বেন বলেও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।
স্বরূপকে পাঠানো মানহানির নোটিসে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, সুদেষ্ণা রায়, সুব্রত সেন-সহ মোট ৬৩ জন টলিউড পরিচালকের নাম রয়েছে। সুব্রত সেনের কথায়, “আমরা পরিচালক সংগঠনের সদস্য হওয়া সত্ত্বেও আমাদের বিরুদ্ধে মিথ্যা খবর রটানো হচ্ছে।”
ডিরেক্টর্স গিল্ডের প্রেসিডেন্টের আরও অভিযোগ, ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা ও অশালীন আচরণের ঘটনা রুখতে, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের জন্য ‘সুরক্ষা বন্ধু’ কমিটি তৈরি হয়। সেখানে চোখ রাখলেই বোঝা যাবে ৪০ শতাংশ যৌন হেনস্থার অভিযোগ এসেছে প্রযোজকদের বিরুদ্ধে। আর ৬০ শতাংশ অভিযোগ রয়েছে পরিচালক এবং পরিচালক থেকে প্রযোজক হয়েছে এমন ব্যক্তির বিরুদ্ধে।
এদিকে মানহানির নোটিস পেয়ে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন আইনি পথেই নোটিসের জবাব দেওয়া হবে। জুলাই মাসেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়মভঙ্গের অভিযোগে ৩ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল টালিগঞ্জের স্টুডিও পাড়া। ফেডারেশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছিলেন পরিচালকরা।