
সুশান্ত ঘোষ।
শেষ আপডেট: 18 November 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো: কসবায় তৃণমূল কাউন্সিলরকে প্রাণে মারার চেষ্টায় রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে গুলি কাণ্ডে আফরোজ ওরফে গুলজার খান-সহ তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা দমন শাখা। তারপরই সামনে এসেছে জমি দখলের অভিযোগ। কাউন্সিলরের বিরুদ্ধে অন্যায়ভাবে জমি দখলের অভিযোগ এনেছে ধৃত গুলজার।
যার জবাবে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এদিন যা বললেন, তাতে ফের নতুন বিতর্ক মাথা চাড়া দিল বলেই মনে করা হচ্ছে।
গত শুক্রবার সন্ধেয় কসবায় অ্যাক্রোপলিস মলের অদূরে নিজের বাড়ির সামনে আততায়ী হামলার মুখে পড়েছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। বন্দুক থেকে গুলি বের না হওয়ায় প্রাণে বেঁচে যান সুশান্ত। এদিন তিনি বলেন, "খুনের ঘটনাকে আড়াল করতে জমি দখলের মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।"
এ প্রসঙ্গেই এদিন বড় অভিযোগ সামনে এনেছেন সুশান্ত। তৃণমূল কাউন্সিলর বলেন, "রুবির পাশে যে গুলশন কলনীর কথা বলা হচ্ছে, ওখানে একটা দেড়শ বিঘার ভেরি আছে। ২০২১ সালে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। প্রতিশ্রুতি ছিল, ২২ এর ভোটের পর ভেরিতে কাজ করতে দেওয়া হবে। কিন্তু আমি জিতে যাওয়ায় যারা টাকা তুলে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সমস্যা পড়ে যায়। আমি ওই ভেরি বন্ধ করে দিই। কিছু জমি ভরাট করা হচ্ছিল, সেটাও আটকে দিই। তাই অনেকের স্বার্থে আঘাত লেগেছে বলেই আমাকে সরিয়ে দিতে চেয়েছিল।"
তাৎপর্যপূর্ণভাবে নির্দিষ্ট কারও বা কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি সুশান্ত। পর্যবেক্ষকদের অনেকের মতে, ওই এলাকায় তৃণমূলেরই একাধিক গোষ্ঠী রয়েছে। নাম না করে তাদেরই ইঙ্গিত করেছেন সুশান্ত।
তৃণমূল কাউন্সিলর এও বলেন, "গত ১৫ বছরে ওখানে অনেক সরকারি জমি দখল করে বাড়ি হয়েছে। তার দায়ভার আমি নেব না। আমি আড়াই বছর এসেছি। চেষ্টা করেছি জলাশয় ভরাট যাতে না হয়। তবে একথাও ঠিক, বেআইনি কাজ বন্ধ করার ক্ষমতা পুর প্রতিনিধির হাতে নেই। এটা আটকাতে পারে পুলিশ।"
গ্রেফতারের পর পুলিশের কাছে পুলিশের কাছে আফরোজের দাবি, সুশান্ত ঘোষের অনুগামী হায়দার সম্প্রতি তাঁর জমি দখল করে ফ্ল্যাট বানানোর উদ্যোগ নেয়। এটা মানতে পারেনি আফরোজ। কিন্তু কাউন্সিলরের ভয়ে কিছু করতে না পেরে মুঙ্গের থেকে সুপারি কিলার ভাড়া করে সে। চক্রান্ত করে সুশান্ত ঘোষকে ‘দুনিয়া’ থেকে সরিয়ে দেওয়ার।
তার জবাবে এদিনে সুশান্ত যা বলেছেন, তাতে নতুন করে প্রশ্ন উঠছে, ওই ভেরি দখলের নেপথ্যে কারা রয়েছে? কাদের ইঙ্গিত করতে চাইলেন তৃণমূল কাউন্সিলর। এ ব্যাপারে সুশান্ত অবশ্য বলেন, "আমি কজনের নাম বলব? প্রশাসন সঠিকভাবে তদন্ত করে দেখুক, ঠিক বলছি কিনা। মিডিয়াকেও বলব তদন্ত করে আসল ঘটনা সামনে আনুন।"