
শেষ আপডেট: 12 October 2023 00:11
দ্য ওয়াল ব্যুরো: কারও পুজোয় একটাও নতুন জামা হয়নি। কারও সারা বছর দু বেলা ভাতের জোগান নিয়েই রয়েছে অনিশ্চয়তা। এমনই দুঃস্থ, দরিদ্র শিশুদের পাশে দাঁড়াল কলকাতার মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগ। পুজোর মুখে চা বাগানের শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে কলকাতার এই কলেজের ওই বিভাগের পড়ুয়া এবং শিক্ষকেরা।
প্রতি বছরের মতো এবছরও পুজো পরিক্রমা ২০২৩ আয়োজন করে কলেজের সাংবাদিকতা বিভাগ। ৮ অক্টোবর নাগরাকাটার বামনডাঙা চা বাগান এলাকায় যান সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা। ২০০ জন দুঃস্থ এবং ১০০ জন চা বাগান শ্রমিকের হাতে তাঁরা তুলে দেন নতুন পোশাক। একইসঙ্গে ছিল খাওয়াদাওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। যার জন্য বামনডাঙা টিজি প্রাইমারি স্কুলে আয়োজিত হয়েছিল একটি ছোট্ট অনুষ্ঠান।
কলকাতার মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও পড়ুয়ারা মিলে নিজেদের পকেটের টাকা দিয়েই এই নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করেন, জানিয়েছেন বিভাগীয় প্রধান তথা প্রধান উদ্যোক্তা অধ্যাপক বিশ্বজিৎ দাস। এবার ১৩ বছরে পদার্পণ করল এই উদ্যোগ।
প্রতি বছরই পুজোর সময়ে বিভিন্ন এলাকাকে বেছে নিয়ে দু:স্থ গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন কলেজের সাংবাদিকতা বিভাগের বর্তমান ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকারা।
এবছরও সেই ধারাবাহিকতার নড়চড় হয়নি। সমাজকে মানবিকতার এক অনন্য শিক্ষা দিয়ে চলছে উত্তর কলকাতার মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের এই বিভাগ।