
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 30 January 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বইমেলায় উদ্বোধন হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টলের। ফিতে কেটে স্টলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। পাঁচ নম্বর গেটের কাছে দুশো নম্বর স্টল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের।
নয় নম্বর গেটের কাছে ৩৮০ নম্বর স্টল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের।
দুই বিশ্ববিদ্যালয়ের স্টলেই রয়েছে উচ্চশিক্ষা এবং গবেষণার বিপুল পরিমাণ বইয়ের সম্ভার। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্টলে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্যও মিলবে।
বুধবার স্টলের উদ্বোধন করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য কল্লোল পাল বলেন, 'বিশ্বের সঙ্গে ব্যক্তি মানুষের যোগাযোগের সেতু তৈরি করে বই। বইয়ের মাধ্যমেই লেখকের সঙ্গে পাঠকের ভাবের আদানপ্রদান হয়। আমাদের ছাত্রছাত্রীদেরও আহ্বান করছি কলকাতা বইমেলায় আসার জন্য।
এই বইমেলায় কল্যাণীর স্টলে এই প্রথম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা ছাড়াও বিভিন্ন বিভাগের অধ্যাপকদের লেখা বই প্রদর্শিত হয়েছে বলে জানালেন বাংলা বিভাগের অধ্যাপক সুখেন বিশ্বাস। সত্যজিৎ সিরিজের ‘অপরাজিত সত্যজিৎ’ (চতুর্থ) এই বইমেলার নবতম সংযোজন। জানা গেল, বইমেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকটি জার্নাল প্রকাশিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শ’খানেক গবেষক, ছাত্রছাত্রীর সঙ্গে উপাচার্য ছাড়াও অধ্যাপক সুখেন বিশ্বাস, অধ্যাপক সাবিত্রীনন্দ চক্রবর্তী, অধ্যাপক প্রবীর প্রামাণিক, ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টলে অন্যান্য বইয়ের সঙ্গে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের পেশাগত কোর্সের বই। তারমধ্যে উল্লেখযোগ্য জার্নালিজম ও।মাস কমিউনিকেশন, প্রিন্ট জার্নালিজম, ফটো জার্নালিজম, অনলাইন জার্নালিজম, ব্রডকাস্ট জার্নালিজম, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ডেভেলপমেন্ট কমিউনিকেশন, পাবলিক রিলেশনস ও অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপ্লোমা, ডিগ্রি ও মাস্টার্স কোর্সের বাংলা ও ইংরিজি বই।